দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় ফসফরাসযুক্ত গোলাবারুদ ব্যবহারের অভিযোগ

বৈরুত, ২৬ সেপ্টেম্বর- দক্ষিণ লেবাননের কয়েকটি এলাকায় গোলাবর্ষণের সময় ইসরায়েলি বাহিনী ফসফরাসযুক্ত গোলাবারুদ ব্যবহার করেছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ)।
এনএনএর প্রতিবেদনে বলা হয়, শুক্রবার নাবাতিয়েহ জেলার জাওতার আল-শারকিয়াহ, মায়ফাদুন ও নাবাতিয়েহ আল-ফাওকা এলাকার উপকণ্ঠে কামানের গোলা নিক্ষেপ করা হয়। এর মধ্যে নাবাতিয়েহ আল-ফাওকা এলাকায় ফসফরাস শেল ব্যবহার করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। পরে একই ধরনের গোলাবারুদ ব্যবহার করে জাওতার আল-শারকিয়াহ এলাকায় আবারও হামলা চালানো হয় বলে জানায় এনএনএ।
এ ছাড়া টায়ার (সুর) জেলাতেও গোলাবর্ষণ করা হয়েছে। সেখানে ওয়াদি জিবকিন, হারিস ও হাদ্দাতা এলাকার উপকণ্ঠ লক্ষ্য করে কামানের গোলা নিক্ষেপ করা হয়।
এদিকে লেবাননের সেনাবাহিনীর বিশেষজ্ঞরা মারজায়ুন ও বিনত জবেল জেলার মাজদাল সেলম এবং আল-ঘান্দুরিয়াহ এলাকায় ইসরায়েলি বিমান হামলায় ব্যবহৃত দুটি অবিস্ফোরিত বোমা নিষ্ক্রিয় করে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছেন।
লেবাননের কর্তৃপক্ষের তথ্যমতে, মার্চের শুরু থেকে দেশটিতে ইসরায়েলি হামলায় অন্তত ৪ হাজার ৩৮৬ জন নিহত এবং ১২ হাজার ৪০৭ জন আহত হয়েছেন। এ সময় ১০ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন বলেও জানানো হয়েছে।
জুন মাসে একটি কাঠামোগত চুক্তি হওয়ার পরও দক্ষিণ লেবাননে হামলা অব্যাহত রয়েছে। ওই চুক্তির আওতায় লেবাননের সেনাবাহিনী মোতায়েন এবং হিজবুল্লাহকে নিরস্ত্রীকরণের বিনিময়ে দখলকৃত লেবানিজ ভূখণ্ড থেকে ইসরায়েলি বাহিনীর ধাপে ধাপে প্রত্যাহারের কথা ছিল।
এস এম/ ২৬ সেপ্টেম্বর ২০২৬







