জাতীয়

জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের সভাপতি দপ্তরে ৬ বাংলাদেশি: লিগ্যাল অফিসার পদে জাইমা রহমান

ঢাকা, ২৪ সেপ্টেম্বর – জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি ও পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের কার্যালয়ে ‘লিগ্যাল অফিসার’ (আইন কর্মকর্তা) হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছেন ব্যারিস্টার জাইমা রহমান। সভাপতির ৪০ সদস্য বিশিষ্ট ক্যাবিনেট দলের মধ্যে জাইমা রহমানসহ মোট ৬ জন বাংলাদেশি প্রতিনিধি মনোনীত হয়েছেন।

জাইমা রহমানের দায়িত্ব ও পরিচিতি

জাতিসংঘ কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, জাইমা রহমান সভাপতির কার্যালয়ে সার্বিক আইনি বিষয়াদি দেখভাল করবেন। তিনি প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা রহমানের একমাত্র কন্যা এবং সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নাতনি।

লন্ডনের কুইন মেরি বিশ্ববিদ্যালয় থেকে আইনে ডিগ্রি নেওয়ার পর যুক্তরাজ্যে ‘বার-অ্যাট-ল’ সম্পন্ন করেন জাইমা। ২০২৬ সালের জুনে তিনি বাংলাদেশ বার কাউন্সিলের প্রিলিমিনারি পরীক্ষাতেও উত্তীর্ণ হয়েছেন।

সভাপতি কার্যালয়ে অন্যান্য দায়িত্বপ্রাপ্ত বাংলাদেশিরা:

  • আব্দুল আলিম: উপ-প্রধান (Deputy Chief of Cabinet)
  • মাফিজুল ইসলাম: জ্যেষ্ঠ উপদেষ্টা (তথ্য, কৃত্রিম বুদ্ধিমত্তা ও কৌশলগত পূর্বাভাস)
  • জাকির আহমেদ: জ্যেষ্ঠ উপদেষ্টা (টেকসই উন্নয়ন ও জলবায়ু পরিবর্তন)
  • মো. রফিকুল আলম মোল্লা: জ্যেষ্ঠ উপদেষ্টা (বিশেষ চাহিদাসম্পন্ন দেশসমূহ)
  • মোয়াজ্জেম হোসেন: উপদেষ্টা ও প্রশাসনিক সহকারী

ঐতিহাসিক জাতিসংঘ অধিবেশন

গত ৮ সেপ্টেম্বর জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তাঁর সভাপতিত্বেই বৃহস্পতিবার জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো ভাষণ দেবেন তারেক রহমান।

এনএন/ ২৪ সেপ্টেম্বর ২০২৬

Back to top button
🌐 Read in Your Language