জাতীয়

এমপি গাজী নজরুলের বিষয়ে সংসদের চিঠি পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে ইসি

নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ

ঢাকা, ২১ সেপ্টেম্বর- এমপি গাজী নজরুলের বিষয়ে সংসদ থেকে চিঠি পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি বলেন, সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিষয়ে এখনো সংসদ থেকে কোনো চিঠি আসেনি। চিঠি এলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

সোমবার নির্বাচন কমিশন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। ইসি সচিব বলেন, জামায়াতে ইসলামী এ বিষয়ে চিঠি দিয়েছিল। তবে আইন অনুযায়ী সংসদ থেকে কোনো চিঠি না এলে কোনো ব্যবস্থা নেওয়ার সুযোগ নেই।

গতকাল সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলাম, যিনি জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত, তাঁর দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের (১৯) রহস্যজনক মৃত্যুর পর আবারও আলোচনায় আসেন।

এর আগে গত জুলাই মাসে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ছড়িয়ে পড়ার কারণে আলোচনায় আসা সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে বহিষ্কার করেছিল বাংলাদেশ জামায়াতে ইসলামী। নৈতিক স্খলনের দায়ে তাঁকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়ে সংসদ ও ইসিতে চিঠি দিয়েছিল দলটি।

এস এম/ ২১ সেপ্টেম্বর ২০২৬

 

Back to top button
🌐 Read in Your Language