সিলেট

সিলেট শাহজালাল মাজারের দানের টাকা শনিবার চতুর্থবার প্রকাশ্যে গণনা

সিলেট শাহজালাল মাজারের দানের টাকা

সিলেট, ১৮ সেপ্টেম্বর- সিলেটের হজরত শাহজালাল মাজারের দানের টাকা চতুর্থবারের মতো প্রকাশ্যে গণনা করা হবে। আগামীকাল শনিবার মাজারের আয়-ব্যয়ের ব্যবস্থাপনা নির্ধারণে গঠিত ১৩ সদস্যের উচ্চপর্যায়ের কমিটির তত্ত্বাবধানে এই কার্যক্রম হবে। গণনা শেষে দানের টাকা জেলা প্রশাসনের মাধ্যমে সোনালী ব্যাংকে মাজারের নামে খোলা নির্ধারিত হিসাব নম্বরে জমা রাখা হবে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাসুদ রানা। তিনি জানান, শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল থেকে হজরত শাহজালাল (রহ.) মাজারের দানের অর্থ চতুর্থ দফায় প্রকাশ্যে গণনা করা হবে। মাজার প্রাঙ্গণে উচ্চপর্যায়ের কমিটির সদস্যদের উপস্থিতিতে এই গণনার কাজ চলবে।

গত ১৮ জুন মাজারে নতুন চারটি দানবাক্স বসানো হয়। একই সঙ্গে দীর্ঘদিনের ঐতিহ্যবাহী তিনটি দানের ডেগ ও একটি দানবাক্স সিলগালা করা হয়। এরপর গত ২২ জুন প্রায় সাতশ বছরের প্রচলিত প্রথা ভেঙে ঐতিহাসিক দানের ডেগ ও দানবাক্স খুলে প্রকাশ্যে অর্থ গণনা করা হয়। সেদিন মোট ১৭ লাখ ৬৫ হাজার ৫৪৯ টাকা পাওয়া যায়। এর সঙ্গে কিছু স্বর্ণও পাওয়া যায়। পরে জেলা প্রশাসনের তহবিল থেকে ৫ লাখ টাকার একটি চেক যোগ করা হলে মোট অর্থের পরিমাণ দাঁড়ায় ২২ লাখ ৬৫ হাজার ৫৪৯ টাকা। এই টাকা সোনালী ব্যাংকের একটি নতুন হিসাবে জমা রাখা হয়।

এরপর মাজারের আর্থিক ব্যবস্থাপনায় দীর্ঘমেয়াদি, আধুনিক ও স্বচ্ছ কাঠামো তৈরি করার লক্ষ্যে গত ২৬ জুন ১৩ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়। কমিটির সদস্যরা হলেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের প্রশাসক রেজাউল হাসান কয়েস লোদী, বিভাগীয় কমিশনার মশিউর রহমান, জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের শামীম, সিলেট রেঞ্জের ডিআইজি, সিলেট মহানগর পুলিশের কমিশনার, মাজারের মোতাওয়াল্লি পরিবারের দুই সদস্য এবং মাজার মাদ্রাসা ও মসজিদের দুই প্রতিনিধি। জেলা প্রশাসক এই কমিটির সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।

এস এম/ ১৮ সেপ্টেম্বর ২০২৬

Back to top button
🌐 Read in Your Language