জাতীয়

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানাবে বিএনপি

ঢাকা, ২৭ ফেব্রুয়ারি – দলের পক্ষ থেকে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্‌যাপনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানাবে বিএনপি। শনিবার দুপুরে রাজধানীর গুলশানের একটি হোটেলে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে এক মতবিনিময় সভায় এ তথ্য জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সুবর্ণজয়ন্তী উদ্‌যাপনে রাষ্ট্রীয় কর্মসূচিতে বিএনপি অংশ নেবে কি-না এবং বিএনপির কর্মসূচিতে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হবে কি-না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “হ্যাঁ অবশ্যই, আজই প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হবে।”

এ সময় মির্জা ফখরুল বলেন, “কোনো একক ব্যক্তি, গোষ্ঠী কিংবা পরিবারের জন্য দেশের মানুষ মুক্তিযুদ্ধ করেনি। দেশের আপামর জনগণের মুক্তির জন্য মুক্তিযুদ্ধ হয়েছিল। মুক্তিযুদ্ধে যার যে অবদান তা গুরুত্ব দিয়ে জাতির সামনে তুলে ধরা হবে।”

আরও পড়ুন : আইসিইউতে ডা. অন্তরা, শারীরিক অবস্থার উন্নতি

তিনি আরো জানান, ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ মুক্তিযুদ্ধে অনুপ্রেরণা জুগিয়েছে। পাশাপাশি ২ মার্চ স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন দিবস, ৩ মার্চ স্বাধীনতার ইশতেহার ঘোষণাসহ মুক্তিযুদ্ধে সময় যে বা যারা ভূমিকা রেখেছিলেন তাদের সবাইকে স্মরণ করবে বিএনপি।

মির্জা ফখরুল বলেন, “জিয়াউর রহমান যা অর্জন করেছেন তা যুদ্ধ করে অর্জন করেছেন। এটি কারো দয়ার দান নয়। জিয়ার অবদানকে খাটো করার অর্থ হলো মুক্তিযুদ্ধকে অস্বীকার করা।”

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু প্রমুখ।

সূত্র : দেশ রূপান্তর
এন এ/ ২৭ ফেব্রুয়ারি


Back to top button
🌐 Read in Your Language