রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর শাহজালালের মাজার জিয়ারত করেছেন

সিলেট, ১৫ সেপ্টেম্বর- রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর হযরত শাহজালাল (র.)-এর মাজার জিয়ারত করেছেন। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে তিনি গাড়িবহর নিয়ে মাজার এলাকায় পৌঁছান। এ সময় মাজার কর্তৃপক্ষ তাকে স্বাগত জানান।
মাজার জিয়ারত শেষে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাতে অংশ নেন। তিনি মাজার এলাকায় কিছু সময় অবস্থান করেন। এরপর হযরত শাহপরাণ (রহ.)-এর মাজারের উদ্দেশ্যে রওনা হন।
এ সময় তাঁর সঙ্গে ছিলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী, সিলেটের বিভিন্ন সংসদীয় আসনের সদস্যরা, সিলেট জেলা বিএনপির সভাপতি ও সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সাধারণ সম্পাদক ও সাংসদ এমরান আহমদ চৌধুরী, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, সিলেটের জেলা প্রশাসকসহ রাজনৈতিক নেতৃবৃন্দ এবং প্রশাসনের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা।
তিনি মাজার এলাকায় পৌঁছানোর সময় এবং সেখান থেকে বের হওয়ার সময় রাস্তার দুই পাশে দাঁড়িয়ে থাকা অসংখ্য মানুষ তাঁকে শুভেচ্ছা জানান। এ ছাড়া বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে দাঁড়িয়ে সিলেট মহানগর বিএনপির নেতাকর্মীরাও তাঁকে শুভেচ্ছা ও স্বাগত জানান।
এর আগে নির্ধারিত সময়ের চেয়ে ১২ মিনিট দেরিতে সকাল ১১টা ২৭ মিনিটে রাষ্ট্রপতিকে বহনকারী বিমান ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
এদিকে, আজ বিকেল ৩টার দিকে নগরভবনের সামনে সিলেট সিটি করপোরেশনের উদ্যোগে রাষ্ট্রপতিকে নাগরিক সংবর্ধনা দেওয়া হবে।
এস এম/ ১৫ সেপ্টেম্বর ২০২৬







