হিন্দু, খ্রিষ্টান ও বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টে নতুন ট্রাস্টি বোর্ড গঠন

ঢাকা, ৮ সেপ্টেম্বর – ধর্ম বিষয়ক মন্ত্রণালয় হিন্দু, খ্রিষ্টান ও বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড গঠন করেছে। গত ২ সেপ্টেম্বর প্রকাশিত পৃথক তিনটি প্রজ্ঞাপনের মাধ্যমে এই বোর্ডগুলো পুনর্গঠন করা হয়। প্রচলিত নিয়ম অনুযায়ী, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা বা মন্ত্রী পদাধিকারবলে এই তিনটি ট্রাস্টের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন।
হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বোর্ডে সিনিয়র ভাইস চেয়ারম্যান হিসেবে নিপুণ রায় চৌধুরী ও সুবর্না সিকদারকে মনোনীত করা হয়েছে। এছাড়া তপন চন্দ্র মজুমদারকে সদস্য ও ভাইস চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে। এই বোর্ডে জয়দেব রায় জয়, দুলাল বিশ্বাস, বিপ্লব কুমার দে ও রাজীব ধর তমালসহ মোট ২০ জন সদস্য হিসেবে স্থান পেয়েছেন।
খ্রিষ্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সিনিয়র ভাইস চেয়ারম্যান মনোনীত হয়েছেন আন্না মিন্জ ও মাধবী মার্মা। বোর্ডে সদস্য ও ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন জন গমেজ। এ ছাড়া পিউস কস্তা, কুইনটেন রিবেরো ও রীতা রোজলীন কস্তাসহ মোট সাতজনকে সদস্য হিসেবে রাখা হয়েছে। বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সিনিয়র ভাইস চেয়ারম্যান পদে সাচিং প্রু ও দীপেন দেওয়ানকে দায়িত্ব দেওয়া হয়েছে।
সদস্য ও ভাইস চেয়ারম্যান পদে মনোনীত হয়েছেন অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া। এই বোর্ডে সুশীল চন্দ্র বড়ুয়া, মাসাথোয়াই মারমা ও বীর মুক্তিযোদ্ধা মংশৈহ্লা চৌধুরীসহ সাতজন সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন। তিনটি ট্রাস্টেই ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব পদাধিকারবলে সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।
প্রজ্ঞাপন অনুযায়ী, মনোনীত ট্রাস্টিদের মেয়াদ হবে প্রজ্ঞাপন জারির তারিখ থেকে পরবর্তী তিন বছর। তবে নতুন ট্রাস্টি নিয়োগ না দেওয়া পর্যন্ত তারা নিজ নিজ পদে বহাল থাকবেন। সরকার চাইলে যেকোনো সময় যেকোনো ট্রাস্টি পরিবর্তন বা পদ শূন্য ঘোষণা করার ক্ষমতা রাখে। এর আগে গঠিত পূর্ববর্তী বোর্ডগুলোর ভাইস চেয়ারম্যান ও সদস্যদের অব্যাহতি দিয়ে এই নতুন বোর্ডগুলো গঠন করা হয়েছে।
এস এম/ ৮ সেপ্টেম্বর ২০২৬







