মধ্যপ্রাচ্য

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে নতুন বহির্ভূত অঞ্চল ঘোষণার পরিকল্পনা ইরানের

হরমুজ প্রণালি

তেহরান, ৭ সেপ্টেম্বর – হরমুজ প্রণালির বাইরে জাহাজ চলাচলের জন্য একটি নতুন বহির্ভূত অঞ্চল বা এক্সক্লুশন জোন ঘোষণা করার পরিকল্পনা করছে ইরান। দেশটির সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের প্রধান মোহসেন রেজাই জানান যে যেসব জাহাজ হরমুজ প্রণালি অতিক্রমের উদ্দেশ্যে এই নির্ধারিত এলাকায় প্রবেশ করবে, সেগুলোকে নতুন এই বিশেষ ব্যবস্থার আওতায় আনা হবে।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই তথ্য প্রকাশ করেন। রেজাই বলেন যে আগামী কয়েক দিন বা সপ্তাহের মধ্যে আনুষ্ঠানিকভাবে এই নতুন অঞ্চলের ঘোষণা আসতে পারে। এটি যুক্তরাষ্ট্রের নৌ অবরোধের সীমারেখা থেকে শুরু হয়ে হরমুজ প্রণালি ও আরব উপসাগর পর্যন্ত বিস্তৃত হবে।

কোনো জাহাজ এই এলাকায় প্রবেশ করে প্রণালি অতিক্রমের চেষ্টা করলে সেটিকে ইরানের নিষেধাজ্ঞার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে। বর্তমানে ইরানি বন্দরগুলোকে লক্ষ্য করে মার্কিন নৌবাহিনী একটি অবরোধ জারি রেখেছে। যুক্তরাষ্ট্রের দাবি অনুযায়ী ২০টির বেশি যুদ্ধজাহাজ এই অভিযানে অংশ নিচ্ছে যার ফলে অনেক বাণিজ্যিক জাহাজকে তাদের পথ পরিবর্তন করতে হয়েছে। এর পাশাপাশি যুক্তরাষ্ট্র ইরানের অর্থনৈতিক লেনদেনের ওপরও চাপ বাড়াচ্ছে।

অন্যদিকে হরমুজ প্রণালি দিয়ে প্রতিদিন উল্লেখযোগ্য পরিমাণ জ্বালানি তেল সরবরাহ অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন মার্কিন জ্বালানিমন্ত্রী ক্রিস রাইট। তার মতে প্রতিদিন গড়ে ৯০ লাখ ব্যারেল তেল এই পথ দিয়ে যাচ্ছে। যদিও বিভিন্ন বেসরকারি সংস্থার মতে এই পরিমাণ কিছুটা কম হতে পারে।

রেজাই আন্তর্জাতিক মধ্যস্থতাকারীদের ওপর আস্থার সংকটের কথা উল্লেখ করে বলেন যে এখন থেকে কূটনৈতিক তৎপরতায় তেহরান সুনির্দিষ্ট নিশ্চয়তা নিশ্চিত করবে। মধ্যপ্রাচ্যের এই উত্তেজনার মধ্যেই ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন করে হামলা পাল্টা হামলার ঘটনা ঘটছে যা বিশ্বজুড়ে জ্বালানি বাজারের স্থিতিশীলতা নিয়ে উদ্বেগ তৈরি করেছে।

এস এম/ ৭ সেপ্টেম্বর ২০২৬

Back to top button