জাতীয়

অরাজকতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি প্রধানমন্ত্রী তারেক রহমানের

প্রধানমন্ত্রী তারেক রহমান

ঢাকা, ৫ সেপ্টেম্বর – দেশের চলমান সংকটকে পুঁজি করে কোনো রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির চেষ্টা করলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার বিকেলে বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই হুঁশিয়ারি দেন।

প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার বিভিন্ন ক্ষেত্র থেকে আসা সমস্যাগুলো সমাধানের চেষ্টা করছে। তিনি উল্লেখ করেন যে, গত কিছুদিন ধরে খেয়াল করা যাচ্ছে কিছু ব্যক্তি ও গোষ্ঠী বিদ্যমান সমস্যাগুলোকে পুঁজি করে দেশে বিভ্রান্তি ও অরাজকতা তৈরির পাঁয়তারা করছে। তিনি স্পষ্টভাবে জানান, জনগণের দ্বারা নির্বাচিত সরকার হিসেবে প্রত্যেকে নিজ নিজ সীমার মধ্যে থাকা বাঞ্ছনীয়। আইন অনুযায়ী অরাজকতা নিয়ন্ত্রণ করার পূর্ণ সক্ষমতা সরকারের রয়েছে।

দেশের বিদ্যুৎ ও জ্বালানি সংকটের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, শিল্পকারখানার মালিকসহ সাধারণ মানুষ যারা এই ভোগান্তিতে রয়েছেন, তাদের কষ্টের জন্য তিনি দলের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করছেন। তিনি আশ্বস্ত করেন যে, আগামীতে দেশকে এই জ্বালানি সংকট থেকে মুক্তি দিতে বিএনপি সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা নিয়ে এগুচ্ছে।

বিএনপি সবসময় জনগণের পাশে থেকে সংকট উত্তরণে কাজ করেছে জানিয়ে তারেক রহমান বলেন, বাংলাদেশের প্রতিটি গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করতে এই দলের অবদান অনস্বীকার্য।

তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার অবদানের কথা স্মরণ করে বলেন, বহুদলীয় গণতন্ত্রের পুনর্প্রবর্তন, গার্মেন্টস শিল্পের বিকাশ ও নারী শিক্ষার উন্নয়নে তাদের ভূমিকা অতুলনীয়।

সভায় সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায় এবং আমির খসরু মাহমুদ চৌধুরীসহ অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

এনএন/ ৫ সেপ্টেম্বর ২০২৬

Back to top button