দক্ষিণ এশিয়া

ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভে বড় লাফ, শক্তিশালী হচ্ছে রুপি

বৈদেশিক মুদ্রা

দিল্লি, ৫ সেপ্টেম্বর – ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভে বড় ধরনের উত্থান পরিলক্ষিত হয়েছে। গত ২৮ আগস্ট শেষ হওয়া সপ্তাহ শেষে দেশটির রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৭৪০ দশমিক ৮ বিলিয়ন মার্কিন ডলারে। রিজার্ভের এই উল্লম্ফনের ফলে মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় মুদ্রা রুপির মান শক্তিশালী হচ্ছে।

রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার প্রকাশিত তথ্য অনুযায়ী, আগস্টের শেষ সপ্তাহে ভারতের বৈদেশিক মুদ্রা সম্পদের পরিমাণ বেড়ে ৬০০ হাজার ৬৭০ মিলিয়ন ডলারে উন্নীত হয়েছে। একই সময়ে দেশটির স্বর্ণের মজুদের পরিমাণ দাঁড়িয়েছে ১১৬ হাজার ৪০৯ মিলিয়ন ডলারে।

মূলত গত জুন মাস থেকে রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠানগুলোর জন্য স্বল্প সুদে ঋণ এবং ব্যাংকগুলোর জন্য বিনা মূল্যে হেজিং সুবিধা নিশ্চিত করার সুফল পেতে শুরু করেছে ভারত। হিসাব অনুযায়ী, গত ৫ জুন থেকে ৩১ আগস্টের মধ্যে আরবিআই মোট ১৩৬ বিলিয়ন ডলারেরও বেশি বৈদেশিক ফান্ড সংগ্রহ করেছে।

এই বিশাল অংকের অর্থের মধ্যে প্রায় ১২৭ বিলিয়ন ডলারই এসেছে প্রবাসী ভারতীয়দের আমানত থেকে। বিপুল এই অর্থপ্রবাহের প্রভাবে চলতি সপ্তাহে মার্কিন ডলারের বিপরীতে রুপির মান শূন্য দশমিক ৩ শতাংশ বৃদ্ধি পেয়ে ৯৫ দশমিক ৩৭৭৫ এ উন্নীত হয়েছে।

আন্তর্জাতিক আর্থিক সংস্থা এইচএসবিসি জানিয়েছে, বৈদেশিক মুদ্রার এই শক্তিশালী অবস্থান কেন্দ্রীয় ব্যাংককে বাড়তি সুবিধা দেবে। এর ফলে ভবিষ্যতে যদি বাজার পরিস্থিতি অস্থিতিশীল হয়, তবে রুপির বিনিময় হার স্থিতিশীল রাখতে আরবিআই কার্যকর ভূমিকা পালন করতে পারবে।

এস এম/ ৫ সেপ্টেম্বর ২০২৬

Back to top button
🌐 Read in Your Language