জাতীয়

সৌরশক্তিতে চলবে জাতীয় সংসদ, বিশেষ সুবিধার ঘোষণা প্রধানমন্ত্রীর

রুফটপ সোলারে প্রতি ইউনিট ১০ টাকা ৫০ পয়সা দরে বিদ্যুৎ কেনার ঘোষণা
রুফটপ সোলার থেকে জাতীয় গ্রিডে সরবরাহ করা বিদ্যুৎ প্রতি ইউনিট ১০ টাকা ৫০ পয়সা দরে কেনার সুবিধার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

ঢাকা, ৩ সেপ্টেম্বর – আগামী কয়েক মাসের মধ্যেই জাতীয় সংসদের বিদ্যুৎ ব্যবস্থা পুরোপুরি সৌরশক্তির ওপর নির্ভরশীল করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার জাতীয় সংসদে প্রশ্নোত্তরে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ তথ্য নিশ্চিত করেন। স্পিকারের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, সাধারণ মানুষের মধ্যে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারে আগ্রহ বাড়াতে সরকার নিরলস কাজ করছে।

সৌরবিদ্যুৎ স্থাপনের জন্য প্রয়োজনীয় পণ্য যেমন সোলার প্যানেল, ইনভার্টার ও ব্যাটারির ওপর প্রযোজ্য কাস্টমস ডিউটি, রেগুলেটরি ডিউটি, সম্পূরক শুল্ক, আগাম কর এবং ২ শতাংশ অতিরিক্ত অগ্রিম আয়কর থেকে শর্ত সাপেক্ষে অব্যাহতি দেওয়া হয়েছে। এ বিষয়ে গত ৮ জুন অভ্যন্তরীণ সম্পদ বিভাগ একটি প্রজ্ঞাপন জারি করেছে।

প্রধানমন্ত্রী আরও জানান, আগামী ছয় মাসের মধ্যে যারা রুফটপ সোলার স্থাপন করবেন এবং উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করবেন, সরকার তাদের কাছ থেকে প্রতি ইউনিট ১০ টাকা ৫০ পয়সা দরে বিদ্যুৎ কিনবে। বাল্ক রেটের অতিরিক্ত অর্থ সরকার প্রণোদনা হিসেবে প্রদান করবে।

তারেক রহমান বলেন, রুফটপ সোলার থেকে প্রতি ইউনিট বিদ্যুৎ উৎপাদনে গড় ব্যয় হবে ৬ থেকে ৭ টাকা। ফলে উদ্যোক্তাদের সর্বোচ্চ ৪৫ শতাংশ পর্যন্ত মুনাফার সুযোগ সৃষ্টি হবে। তিনি আরও বলেন, নির্ধারিত সময়ের মধ্যে যারা রুফটপ সোলার স্থাপন করে সরকারের কাছে বিদ্যুৎ বিক্রি করবেন, তাদের জন্য ১০ টাকা ৫০ পয়সা দরে বিদ্যুৎ বিক্রির এই সুবিধা পরবর্তী তিন বছর পর্যন্ত কার্যকর থাকবে।

সরকারি ভবন, শিক্ষাপ্রতিষ্ঠান ও হাসপাতালসহ গুরুত্বপূর্ণ স্থাপনার ছাদে রুফটপ সোলার সিস্টেম স্থাপনের জন্য জাতীয় রুফটপ সোলার কর্মসূচি নেওয়া হয়েছে। এই কর্মসূচি বাস্তবায়নের জন্য ইতোমধ্যে একটি গাইডলাইন প্রস্তুত করা হয়েছে এবং বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থাকে বিশেষ বরাদ্দ দেওয়া হয়েছে।

এছাড়া দেশের সব জেলা প্রশাসকের কার্যালয় ও বিভাগীয় কমিশনারের কার্যালয়ে রুফটপ সোলার সিস্টেম স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। জ্বালানি ও বিদ্যুৎ খাতে আগামী ১০ বছরের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে যা শিগগিরই সংসদে উপস্থাপন করা হবে।

এস এম/ ৩ সেপ্টেম্বর ২০২৬



FAQ

রুফটপ সোলার থেকে সরকার প্রতি ইউনিট কত দামে বিদ্যুৎ কিনবে?

সরকারি তথ্য অনুযায়ী, নেট মিটারিংয়ের আওতায় গ্রিডে সরবরাহ করা উদ্বৃত্ত সৌরবিদ্যুতের জন্য প্রতি ইউনিট ১০ টাকা ৫০ পয়সা হারে মূল্য দেওয়ার সুবিধা রয়েছে।

এই সুবিধা কতদিন পাওয়া যাবে?

সরকারি তথ্যভান্ডারে সুবিধাটি ২৮ ফেব্রুয়ারি ২০৩০ পর্যন্ত কার্যকর থাকার কথা উল্লেখ রয়েছে।

রুফটপ সোলার বসানোর সময়সীমা কত?

সরকারি তথ্য অনুযায়ী, এই বিশেষ সুবিধা পেতে ২৮ ফেব্রুয়ারি ২০২৭-এর মধ্যে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের কথা বলা হয়েছে।

সোলার প্যানেল ও ব্যাটারিতে কি করছাড় আছে?

শর্তসাপেক্ষে সোলার প্যানেল, ইনভার্টার ও ব্যাটারিসহ প্রয়োজনীয় কিছু পণ্যে বিভিন্ন শুল্ক ও কর থেকে অব্যাহতির কথা জানানো হয়েছে। এ বিষয়ে ৮ জুন প্রজ্ঞাপন জারি করা হয়।

জাতীয় সংসদ কি ইতিমধ্যে পুরোপুরি সৌরবিদ্যুতে চলছে?

না। প্রধানমন্ত্রীর বক্তব্য অনুযায়ী, আগামী কয়েক মাসের মধ্যে সংসদের বিদ্যুৎ ব্যবস্থা সৌরশক্তিনির্ভর করার পরিকল্পনা রয়েছে।

জাতীয় রুফটপ সোলার কর্মসূচি কী?

সরকারি ভবন, শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতালসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনার ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনের জন্য নেওয়া সরকারি কর্মসূচি হলো জাতীয় রুফটপ সোলার কর্মসূচি। এর বাস্তবায়ন গাইডলাইনও বিদ্যুৎ বিভাগ প্রকাশ করেছে।

Back to top button