ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১১১০

ঢাকা, ২ সেপ্টেম্বর – সারাদেশে গত ২৪ ঘণ্টায় মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০৭ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদন থেকে বুধবার এসব তথ্য জানা গেছে।
অধিদপ্তরের তথ্য অনুযায়ী গত একদিনে নতুন করে ১ হাজার ১১০ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। সর্বশেষ ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন ও ময়মনসিংহ বিভাগে ২ জন করে মোট ৪ জন এবং বরিশাল বিভাগে ১ জন রয়েছেন।
এদিকে গত ২৪ ঘণ্টায় খুলনা বিভাগে সর্বোচ্চ ১৯০ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া চট্টগ্রাম বিভাগে ১৭৫ জন, ঢাকা বিভাগে ১৭১ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৩৫ জন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৩৪ জন রোগী ভর্তি হয়েছেন। একই সময়ে বরিশাল বিভাগে ১১০ জন, রাজশাহী বিভাগে ৯১ জন, ময়মনসিংহ বিভাগে ৬৫ জন, রংপুর বিভাগে ৩২ জন এবং সিলেট বিভাগে ৭ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট ১০৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগেই সর্বোচ্চ ৫৪ জন মারা গেছেন। এছাড়া খুলনা বিভাগে ১৮ জন, ময়মনসিংহ বিভাগে ১২ জন, বরিশাল বিভাগে ১০ জন এবং চট্টগ্রাম বিভাগে ৭ জনের মৃত্যু হয়েছে। রাজশাহী বিভাগে ৪ জন এবং রংপুর ও সিলেট বিভাগে ১ জন করে মারা গেছেন।
এনএন/ ২ সেপ্টেম্বর ২০২৬







