ফুটবল

মালাগার জালে গোলবন্যা, ৪-০ ব্যবধানে বড় জয় পেল রিয়াল মাদ্রিদ

মাদিদ, ৩১ আগস্ট – লা লিগার ম্যাচে মালাগাকে বড় ব্যবধানে হারিয়ে জয়ের ধারা অব্যাহত রেখেছে রিয়াল মাদ্রিদ। ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যূতে অনুষ্ঠিত এই খেলায় ৪-০ গোলের দাপুটে জয় পেয়েছে স্বাগতিকরা। কিলিয়ান এমবাপ্পে, জুড বেলিংহ্যাম ও আর্দা গুলারের গোলে লস ব্লাঙ্কোরা পূর্ণ পয়েন্ট নিশ্চিত করে।

ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলতে থাকে রিয়াল। ১৯তম মিনিটে একক প্রচেষ্টায় মালাগার রক্ষণভাগ ভেঙে দলকে এগিয়ে নেন জুড বেলিংহ্যাম। এর কিছুক্ষণ পরেই ২৬তম মিনিটে আত্মঘাতী গোলে ব্যবধান দ্বিগুণ হয়। ৩০তম মিনিটে ট্রেন্ট অ্যালেকজান্ডার আর্নল্ডের ক্রসে বল পেয়ে জালের ঠিকানা খুঁজে নেন ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে।

প্রথমার্ধেই ৩-০ গোলে এগিয়ে থেকে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে নেয় রিয়াল। দ্বিতীয়ার্ধেও আক্রমণের ধারা বজায় রাখে তারা।

ম্যাচের অতিরিক্ত সময়ে ভিনিসিয়াস জুনিয়রের নিখুঁত পাসে গোল করে ব্যবধান ৪-০ করেন তুর্কি তরুণ তারকা আর্দা গুলার। এই জয়ের ফলে ৩ ম্যাচে ৩ জয়ে ৯ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে রিয়াল মাদ্রিদ। নতুন কোচের অধীনে রিয়ালের এমন দাপুটে ফুটবল ভক্তদের মনে বাড়তি উন্মাদনা যোগ করেছে।

এস এম/ ৩১ আগস্ট ২০২৬


Back to top button
🌐 Read in Your Language