মাথাপিছু অস্ত্র রপ্তানিতে যুক্তরাষ্ট্র ও রাশিয়াকে পেছনে ফেলল ইসরায়েল

তেল আবিব, ৩০ আগস্ট – মাথাপিছু অস্ত্র রপ্তানির দিক দিয়ে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মতো বৃহৎ পরাশক্তিগুলোকে বড় ব্যবধানে পেছনে ফেলেছে ইসরায়েল। ২০২৫ সালের এক পরিসংখ্যান অনুযায়ী, দেশটির মাথাপিছু অস্ত্র রপ্তানির পরিমাণ ছিল প্রায় ২৬৩ মার্কিন ডলার। একই সময়ে এই সূচকে যুক্তরাষ্ট্রের মাথাপিছু রপ্তানি ৪১ ডলার এবং রাশিয়ার মাত্র ১৪ ডলার রেকর্ড করা হয়েছে।
ফিলিস্তিনি মার্কিন লেখিকা সুজান আবুলহাওয়ারের একটি সাম্প্রতিক সমীক্ষায় এই তথ্য উঠে এসেছে। গবেষণাটি মূলত স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের সিপরি পরিসংখ্যানের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। গবেষণায় দেখা গেছে, শুধু ইসরায়েলের ইহুদি জনসংখ্যার ভিত্তিতে হিসাব করলে এই মাথাপিছু রপ্তানি দাঁড়ায় প্রায় ৩৪০ ডলারে।
যা যুক্তরাষ্ট্রের তুলনায় আট গুণ এবং রাশিয়ার তুলনায় ২৫ গুণ বেশি। যদিও মোট অস্ত্র রপ্তানির হিসেবে যুক্তরাষ্ট্র বিশ্বে শীর্ষস্থানে রয়েছে। ২০২০ থেকে ২০২৫ সালের মধ্যে মোট অস্ত্র রপ্তানির তালিকায় ইসরায়েলের অবস্থান ছিল সপ্তম। এই তালিকায় ইসরায়েলের আগে রয়েছে যুক্তরাষ্ট্র, ফ্রান্স, রাশিয়া, জার্মানি, চীন ও ইতালি।
তবে জনসংখ্যার অনুপাতে হিসাব করলে পুরো চিত্রটি বদলে যায়। ইসরায়েলের মাথাপিছু অস্ত্র রপ্তানি নরওয়ের তুলনায় প্রায় আড়াই গুণ এবং যুক্তরাষ্ট্রের তুলনায় তিন গুণেরও বেশি। সমীক্ষাটি দাবি করেছে যে, এটি কোনো এক বছরের আকস্মিক ঘটনা নয়। গত ২৫ বছরের প্রায় প্রতিটি বছরেই মাথাপিছু অস্ত্র রপ্তানিতে ইসরায়েল বিশ্বের শীর্ষস্থান ধরে রেখেছে।
১৯৬০ থেকে ২০২৫ সাল পর্যন্ত গত ৬৫ বছরের গড় হিসেবেও মাথাপিছু অস্ত্র রপ্তানিতে ইসরায়েল বিশ্বের শীর্ষে রয়েছে। এই দীর্ঘ সময়ে দেশটি প্রতিবছর গড়ে জনপ্রতি ৫৬ ডলার সমমূল্যের অস্ত্র রপ্তানি করেছে। এছাড়া অর্থনীতির আকারের তুলনায়ও ইসরায়েলের এই রপ্তানি উল্লেখযোগ্য। সিপরির তথ্যমতে, ২০২৩ সালে দেশটির অস্ত্র রপ্তানি ছিল মোট জিডিপির প্রায় শূন্য দশমিক ২৫ শতাংশ। এই হার ফ্রান্সের তুলনায় তিন গুণ এবং যুক্তরাষ্ট্রের তুলনায় ছয় গুণেরও বেশি।
তবে সিপরির এই পরিসংখ্যানে ড্রোন, গোলাবারুদ, সাইবার প্রযুক্তি এবং নজরদারি সরঞ্জামের মতো অনেক খাত অন্তর্ভুক্ত হয়নি। ইসরায়েল সরকারের নিজস্ব হিসাব অনুযায়ী, ২০২৩ সালে তারা ১৩ বিলিয়ন ডলারের প্রতিরক্ষা চুক্তির কথা জানিয়েছে, যা দেশটির জিডিপির প্রায় ২ দশমিক ৫ শতাংশ। তথ্য বিশ্লেষণে দেখা যায়, বৃহৎ শক্তিগুলো মোট রপ্তানি আয়ে এগিয়ে থাকলেও জনসংখ্যা ও অর্থনীতির তুলনায় ইসরায়েলের সমরাস্ত্র রপ্তানি অন্য যেকোনো দেশের চেয়ে কয়েক গুণ বেশি।
এস এম/ ৩০ আগস্ট ২০২৬









