সরকারি কর্মকর্তাদের চেয়ারের পেছনে জাতীয় পতাকা প্রদর্শন নিষিদ্ধ করল হাইকোর্ট

ঢাকা, ২৫ আগস্ট – সরকারি এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তাদের নিজ দপ্তরের চেয়ার বা সোফার পেছনে জাতীয় পতাকা প্রদর্শন থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
মঙ্গলবার বিচারপতি আহমেদ সোহেল এবং বিচারপতি এস এম ইফতেখার উদ্দিন মাহমুদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ প্রদান করেন।
আইনজীবী শরিফ সরকারের করা এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে আদালত রুলসহ এই নির্দেশনা দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এইচ এম সানজিদ সিদ্দিকী।
শুনানিতে জানানো হয় যে জাতীয় পতাকা বিধিমালা অনুযায়ী কেবল ১৫ ধরনের ব্যক্তি তাদের দপ্তর, বাসভবন এবং গাড়িতে পতাকা ব্যবহারের সুযোগ পান। সাম্প্রতিক সময়ে বিভিন্ন দপ্তরে কর্মকর্তারা আইন বহির্ভূতভাবে তাদের টেবিল বা চেয়ারের পেছনে জাতীয় পতাকা প্রদর্শন করছেন যা বিধিসম্মত নয়।
বিধিমালা অনুযায়ী জাতীয় পতাকা যখন কোনো ভবনে ওড়ানো হবে তখন তা সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত এবং মুক্তভাবে উড়ন্ত অবস্থায় থাকতে হবে। কিন্তু বর্তমানের প্রদর্শনীতে পতাকাটি বেন্ড বা কার্ভ করে রাখা হয় যা সঠিক নয়। এ বিষয়ে আদালত মন্ত্রিপরিষদ সচিবকে ৩ সদস্যের একটি কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন। এই কমিটিতে একজন বিচার বিভাগীয় কর্মকর্তা, মন্ত্রিপরিষদ বিভাগের প্রতিনিধি এবং একজন সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক থাকবেন।
বিভিন্ন অফিসে জাতীয় পতাকার বর্তমান ব্যবহার বিধি অনুযায়ী হচ্ছে কি না তা পরীক্ষা করে ৬০ দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
এনএন/ ২৫ আগস্ট ২০২৬









