পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর বড় অভিযান: ৪৯ সশস্ত্র যোদ্ধা নিহত

ইসলামাবাদ, ২২ আগস্ট – পাকিস্তানের উত্তর-পশ্চিম ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে একাধিক সাঁড়াশি অভিযান চালিয়েছে দেশটির নিরাপত্তা বাহিনী। এসব অভিযানে মোট ৪৯ জন সশস্ত্র যোদ্ধা নিহত হয়েছে বলে শুক্রবার পাকিস্তানের সামরিক বাহিনীর পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।
সামরিক বাহিনীর একটি বিবৃতিতে জানানো হয় যে আফগানিস্তান সীমান্তবর্তী উত্তর-পশ্চিমের খাইবার পাখতুনখোয়া প্রদেশে পৃথক অভিযানে ১২ জন যোদ্ধা নিহত হয়েছে। অন্যদিকে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে পরিচালিত অভিযানে আরও ৩৭ জন প্রাণ হারিয়েছে।
সামরিক বাহিনীর বিবৃতিতে নিহতদের ফিতনা আল-খাওয়ারিজ ও ফিতনা আল-হিন্দুস্তান সংগঠনের সদস্য হিসেবে অভিহিত করা হয়েছে। পাকিস্তান সরকার সাধারণত নিষিদ্ধ ঘোষিত তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) এবং বেলুচ বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোকে বোঝাতে এই নামগুলো ব্যবহার করে থাকে।
পাকিস্তান সরকারের পক্ষ থেকে অভিযোগ করা হয় যে টিটিপি ও বেলুচ বিচ্ছিন্নতাবাদীরা আফগানিস্তানে নিরাপদ আশ্রয়ে থেকে এসব হামলা পরিচালনা করে। এ ছাড়া বেলুচ গোষ্ঠীগুলো ভারতের পক্ষ থেকেও সমর্থন পায় বলে দাবি করা হয়। তবে আফগানিস্তান ও ভারত উভয় দেশই শুরু থেকে এ ধরনের অভিযোগ অস্বীকার করে আসছে।
তেহরিক-ই-তালেবান পাকিস্তান একটি স্বতন্ত্র সংগঠন হলেও আফগান তালেবানের সঙ্গে তাদের ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে। পাকিস্তানে গত কয়েক বছরে সহিংসতার মাত্রা অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে যার দায় অধিকাংশ ক্ষেত্রে টিটিপি ও বেলুচ বিচ্ছিন্নতাবাদীদের ওপর চাপানো হয়।
বেলুচিস্তান আয়তনে পাকিস্তানের সবচেয়ে বড় প্রদেশ হলেও এটি বেশ জনবিরল। দীর্ঘ সময় ধরে এই অঞ্চলে স্বায়ত্তশাসন ও স্বাধীনতার দাবিতে বিদ্রোহ চালিয়ে আসছে স্থানীয় জাতীয়তাবাদী গোষ্ঠীগুলো। আফগানিস্তানের সঙ্গে দীর্ঘ সীমান্ত থাকা এই প্রদেশে টিটিপি ছাড়াও বিভিন্ন সময় ইসলামিক স্টেট বা আইএস সশস্ত্র কর্মকাণ্ড পরিচালনা করেছে।
এস এম/ ২২ আগস্ট ২০২৬









