ইরানের বিরুদ্ধে সবচেয়ে বিধ্বংসী অর্থনৈতিক অভিযানের ঘোষণা দিলেন ডোনাল্ড ট্রাম্প

ওয়াশিংটন, ২০ আগস্ট – যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে এ যাবৎকালের সবচেয়ে বিধ্বংসী অর্থনৈতিক অভিযান ঘোষণা করেছেন। বুধবার তার নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক বার্তায় এই অভিযানের ঘোষণা এবং সংশ্লিষ্ট দেশগুলোর প্রতি কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি। ট্রাম্প সাফ জানিয়ে দিয়েছেন যে, বিশ্বের কোনো দেশ যদি ইরানকে সাহায্য করতে এগিয়ে আসে, তবে অদূর ভবিষ্যতে তাদেরও কঠোর পরিণাম ভোগ করতে হবে।
ট্রুথ সোশ্যাল পোস্টে ট্রাম্প বলেন, তার দেওয়া সুযোগ এবং ছাড় ব্যবহার করে চুক্তিতে পৌঁছাতে ইরান ব্যর্থ হয়েছে। এই প্রেক্ষাপটে তিনি এমন এক অর্থনৈতিক অভিযান শুরু করছেন যা এর আগে কোনো রাষ্ট্রের বিরুদ্ধে হয়নি। এটি হবে একটি সর্বাত্মক অর্থনৈতিক যুদ্ধ যার প্রভাবে ইরান আন্তর্জাতিক বিশ্ব থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়বে।
প্রেসিডেন্ট ট্রাম্প সতর্ক করে বলেন যে, অভিযান চলাকালীন কোনো দেশ যদি তাদের অর্থনৈতিক প্রতিষ্ঠান, বাণিজ্য, বিমানবন্দর বা সরকারি কোনো মাধ্যমের সাহায্যে ইরানকে সহযোগিতা করে, তবে সেই দেশকেও চরম অর্থনৈতিক মাসুল দিতে হবে। বিশেষ করে তেল চোরাচালান, পণ্য বিনিময়, নগদ অর্থ লেনদেন এবং ভুয়া কোম্পানি পরিচালনার মতো পথগুলো এখন থেকে পুরোপুরি বন্ধ করতে হবে বলে তিনি উল্লেখ করেন।
তিনি সরাসরি কোনো মিত্র রাষ্ট্রের নাম না বললেও ইঙ্গিতপূর্ণভাবে জানান যে, উদ্দিষ্ট দেশগুলো তার এই বার্তা বুঝেছে। প্রসঙ্গত, চীন, ভারত, তুরস্ক, জার্মানি, দক্ষিণ কোরিয়া এবং জাপান ইরানের অন্যতম প্রধান বাণিজ্যিক সহযোগী। ট্রাম্পের দাবি, এই ঐতিহাসিক পদক্ষেপগুলোর ফলে ইরানের সন্ত্রাসবাদ ছড়ানোর সক্ষমতা পঙ্গু হবে এবং তারা কখনোই পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে পারবে না।
এনএন/ ২০ আগস্ট ২০২৬









