জাতীয়

কলকাতায় অগ্নিকাণ্ডে নিহত ৫ বাংলাদেশির মরদেহ দ্রুত ফিরিয়ে আনা হবে: শামা ওবায়েদ

ঢাকা, ১৯ আগস্ট – ভারতের কলকাতার নিউমার্কেট এলাকায় অগ্নিকাণ্ডে নিহত পাঁচ বাংলাদেশির মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এই তথ্য নিশ্চিত করেন। প্রতিমন্ত্রী জানান, নিহতদের মধ্যে চারজনই একই পরিবারের সদস্য।

পরিবারের সদস্যরা চাইলে মরদেহ দেশে ফিরিয়ে আনার যাবতীয় খরচ সরকার বহন করবে বলেও তিনি উল্লেখ করেন। কলকাতার নিউমার্কেট এলাকায় সংঘটিত এই ভয়াবহ অগ্নিকাণ্ডে মোট নয়জন প্রাণ হারিয়েছেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে। এর মধ্যে পাঁচজন বাংলাদেশি নাগরিক বলে স্থানীয় পুলিশ নিশ্চিত করেছে।

নিহতরা হলেন সাংবাদিক দেবাশীষ দত্ত, তার স্ত্রী আফসানা শারমীন, ছেলে শর্ণশিষ দত্ত এবং দেবাশীষের শ্বশুর আকরাম আলী। অন্য নিহত বাংলাদেশির নাম আহমেদ বাবু, যার বাড়ি সাভারের আমিনবাজারের বেগুনবাড়িতে।

অগ্নিকাণ্ডের ঘটনার পর কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশন থেকে নিহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। দুর্ঘটনায় আরও ছয়জন বাংলাদেশি নাগরিক আহত হলেও প্রাথমিক চিকিৎসার পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।

এস এম/ ১৯ আগস্ট ২০২৬


Back to top button
🌐 Read in Your Language