দক্ষিণ এশিয়া

তামিলনাড়ুতে তৃতীয় সন্তানের ক্ষেত্রেও এক বছরের মাতৃত্বকালীন ছুটি পাবেন নারী কর্মীরা

চেন্নাই, ১৯ আগস্ট – তামিলনাড়ুর সরকারি চাকুরীরত নারী কর্মীদের জন্য বড় ধরণের এক সিদ্ধান্তের কথা ঘোষণা করেছে রাজ্য সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী প্রথম ও দ্বিতীয় সন্তানের পাশাপাশি এখন থেকে তৃতীয় সন্তানের ক্ষেত্রেও নারী কর্মচারীরা পূর্ণ এক বছর বা ৩৬৫ দিনের মাতৃত্বকালীন ছুটি পাবেন।

এর আগে তৃতীয় সন্তানের বেলায় এই ছুটির মেয়াদ ছিল মাত্র ১২ সপ্তাহ বা ৮৪ দিন। বিধানসভায় পেশ করা এই নতুন নীতির ফলে তামিলনাড়ু সরকারের নারী কর্মীরা এখন তিনটি সন্তানের ক্ষেত্রেই সমান মেয়াদের ছুটি ও অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করার সুযোগ পাবেন। সরকারের এই পদক্ষেপকে নারী কল্যাণ ও সামাজিক নিরাপত্তার ক্ষেত্রে একটি ইতিবাচক উদাহরণ হিসেবে দাবি করছে ক্ষমতাসীন দল।

তবে বিরোধী দল ডিএমকে সহ রাজনৈতিক মহলের একাংশ এই সিদ্ধান্তের সমালোচনা করেছে। তাদের মতে গত কয়েক দশক ধরে রাজ্য জুড়ে পরিবার পরিকল্পনার যে সচেতনতা গড়ে তোলা হয়েছিল নতুন এই নীতি সেই লক্ষ্যের পরিপন্থী হতে পারে। এদিকে জনসেবামূলক কার্যক্রম ও এলাকার উন্নয়ন তদারকি সহজতর করতে রাজ্যের ২৩৪ জন বিধায়কের জন্য বড়সড় সহায়তা প্যাকেজ ঘোষণা করা হয়েছে।

এখন থেকে প্রত্যেক বিধায়ককে তাদের নিজস্ব নির্বাচনী এলাকায় যাতায়াত এবং সরকারি প্রকল্প পরিদর্শনের জন্য একটি করে গাড়ি প্রদান করা হবে। এছাড়া গাড়ির রক্ষণাবেক্ষণ জ্বালানি খরচ এবং চালকের বেতন বাবদ প্রতি মাসে প্রত্যেক বিধায়ককে ৭৫ হাজার রুপি ভাতা দেবে সরকার।

এর পাশাপাশি দাপ্তরিক চিঠিপত্র আদান প্রদান ও সচিব নিয়োগের উদ্দেশ্যে প্রতিটি বিধায়ককে মাসিক আরও ২৫ হাজার রুপি করে আলাদা ভাতা প্রদানের ঘোষণা দেওয়া হয়েছে। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে বর্তমানে অনেক তরুণ ও সাধারণ আর্থিক পটভূমি থেকে আসা বিধায়ক রয়েছেন। মূলত মাঠ পর্যায়ে সাধারণ মানুষের সেবা নিশ্চিত করতেই এই অবকাঠামোগত সুযোগ সুবিধা ও ভাতা বৃদ্ধির পদক্ষেপ নেওয়া হয়েছে।

এস এম/ ১৯ আগস্ট ২০২৬


Back to top button
🌐 Read in Your Language