ইউটিউবে ভিডিও ভিউ গণনার নিয়মে বড় পরিবর্তন আসছে

ওয়াশিংটন, ১৯ আগস্ট – ভিডিও স্ট্রিমিং জায়ান্ট ইউটিউব তাদের ভিডিও ভিউ গণনার পদ্ধতিতে উল্লেখযোগ্য পরিবর্তন আনার ঘোষণা দিয়েছে। আগামী ২৪ আগস্ট থেকে কোনো ভিডিও চালু হওয়ার সাথে সাথেই সেটিকে একটি ভিউ হিসেবে গণ্য করবে এই প্ল্যাটফর্ম। এই নতুন নিয়মটি সাধারণ ভিডিওর পাশাপাশি সরাসরি সম্প্রচার বা লাইভ ভিডিওর ক্ষেত্রেও কার্যকর হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
বুধবার ইউটিউবের অফিসিয়াল ব্লগের এক বার্তায় এই তথ্য নিশ্চিত করা হয়। এর আগে ইউটিউবে কোনো ভিডিও অন্তত ৩০ সেকেন্ড দেখার পর সেটিকে ভিউ হিসেবে গণনা করা হতো। নতুন এই নিয়মের ফলে কন্টেন্ট ক্রিয়েটরদের ভিডিওর ভিউ সংখ্যা দ্রুত বাড়ার সম্ভাবনা থাকলেও ভিডিওর প্রকৃত জনপ্রিয়তা যাচাই করা কিছুটা কঠিন হতে পারে।
ইউটিউব জানিয়েছে যে ভিন্ন ভিন্ন ভিডিওর জন্য ভিউ গণনার আলাদা পদ্ধতি থাকায় নির্মাতাদের মধ্যে বিভ্রান্তি তৈরি হচ্ছিল যা দূর করতেই এই সমন্বিত ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে আগের পদ্ধতিটি পুরোপুরি বন্ধ হচ্ছে না। নির্মাতারা ইউটিউব অ্যানালিটিকসের মাধ্যমে এনগেজড ভিউস নামক অপশনে গিয়ে কতজন দর্শক নির্দিষ্ট সময় ধরে ভিডিওটি দেখেছেন তা আলাদাভাবে জানতে পারবেন।
এই পরিবর্তনের ফলে নির্মাতাদের আয় কিংবা ইউটিউব পার্টনার প্রোগ্রামে অংশগ্রহণের যোগ্যতায় আপাতত কোনো প্রভাব পড়বে না। উল্লেখ্য যে গত বছর ইউটিউব শর্টসের ক্ষেত্রেও ভিডিও চালুর সাথে সাথে ভিউ গণনার পদ্ধতি চালু করা হয়েছিল। এছাড়া সম্প্রতি ইউটিউব ২০২৭ সাল থেকে বিজ্ঞাপন ও সাবস্ক্রিপশন থেকে আয়ের শর্ত আরও কঠোর করার ঘোষণা দিয়েছে।
এস এম/ ১৯ আগস্ট ২০২৬









