ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে দেশ পুনর্গঠনের কাজ করছে বর্তমান সরকার: রুহুল কবির রিজভী

ঢাকা, ১৭ আগস্ট – গুম, খুন এবং মেগা দুর্নীতির এক বিশাল ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বাধীন বর্তমান সরকার রাষ্ট্র পুনর্গঠনের কাজ চালিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য রুহুল কবির রিজভী আহমেদ।
সোমবার দুপুরে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বর্তমান সরকারের দায়িত্ব গ্রহণের ছয় মাস বা ১৮০ দিন পূর্তি উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। বিগত সরকারের আমলের অরাজকতার চিত্র তুলে ধরে রিজভী বলেন যে, ফেলে যাওয়া লিগ্যাসি রাতারাতি পুনর্গঠন করা সম্ভব নয়।
তিনি অভিযোগ করেন, বাংলাদেশ ব্যাংকের ৮৫০ কোটি টাকা পাচার হয়ে ফিলিপাইনের ক্যাসিনোতে চলে গিয়েছিল এবং একের পর এক ব্যাংক লোপাট করা হয়েছে। মেগা প্রকল্পের নামে দেশে মেগা লুটপাট ও মেগা দুর্নীতি চালানো হয়েছে উল্লেখ করে তিনি বলেন, সে সময় চারদিকে অরাজকতা ও গুমের এক ধূসর পরিবেশ বিরাজ করছিল।
৫ আগস্টের পরিবর্তনের কথা উল্লেখ করে তিনি আরও জানান যে, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় এসে বর্তমান সরকার জনগণের কল্যাণে কাজ করছে।
ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল খনন এবং বৃক্ষরোপণের মতো জনকল্যাণমূলক কর্মসূচিগুলোর মাধ্যমে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড অব্যাহত রয়েছে। আন্তর্জাতিক নানা প্রতিবন্ধকতা সত্ত্বেও সামাজিক সুরক্ষা, কৃষি, শিক্ষা ও স্বাস্থ্য ক্ষেত্রে প্রতিশ্রুতি রক্ষার চেষ্টা চলছে বলে তিনি দাবি করেন।
এস এম/ ১৭ আগস্ট ২০২৬









