মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তির প্রশংসায় ডোনাল্ড ট্রাম্প

ওয়াশিংটন, ১৭ আগস্ট – সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিকে স্বাগত জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক বার্তায় এই চুক্তির ভূয়সী প্রশংসা করে তিনি বলেন, তিন দেশ শেষ পর্যন্ত এই ঐকমত্যে পৌঁছানোয় তিনি অত্যন্ত আনন্দিত।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ডের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। ট্রাম্পের মতে, এই চুক্তি মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে ক্রমবর্ধমান ঐক্য এবং নিজেদের নিরাপত্তা আরও কার্যকরভাবে নিশ্চিত করার সক্ষমতার বিষয়টি ফুটিয়ে তুলেছে। তিনি বিষয়টিকে একটি বড়, সাহসী এবং গুরুত্বপূর্ণ প্রাথমিক পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছেন।
আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা এবং প্রতিরক্ষা খাতে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর উদ্দেশ্যে চলতি মাসের শুরুতে এই ত্রিপক্ষীয় চুক্তিতে সই করে তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তান। তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তাইয়েপ এরদোয়ান এই চুক্তিকে পরিবর্তনশীল আঞ্চলিক পরিস্থিতির মধ্যে কৌশলগত সংকল্পের প্রতীক হিসেবে বর্ণনা করেছেন।
তিনি আরও স্পষ্ট করেন যে, কোনো নির্দিষ্ট দেশ বা সাম্প্রতিক কোনো ঘটনাকে লক্ষ্য করে এই চুক্তি করা হয়নি। এরদোয়ান জানান, তুরস্ক বরাবরই উত্তেজনার পরিবর্তে কূটনীতি এবং সংঘাতের বদলে সংলাপ ও শক্তিশালী আঞ্চলিক সহযোগিতাকে অগ্রাধিকার দেয়।
এই চুক্তির অন্যতম প্রধান শর্ত হলো, স্বাক্ষরকারী তিন দেশের যেকোনো একটির ওপর সশস্ত্র হামলা চালানো হলে তা তিন দেশের ওপরই হামলা হিসেবে বিবেচনা করা হবে। যৌথ কৌশলগত স্বার্থের ভিত্তিতে প্রণীত এই চুক্তির প্রধান লক্ষ্য হলো পারস্পরিক প্রতিরোধ ক্ষমতা বাড়ানো এবং আঞ্চলিক স্থিতিশীলতা সুসংহত করা।
এস এম/ ১৭ আগস্ট ২০২৬









