ক্রিকেট

আগরকারের বিদায় ঘণ্টা: বিসিসিআইয়ের প্রধান নির্বাচক হওয়ার দৌড়ে জহির খান

দিল্লি, ১৫ আগস্ট – চলতি বছরের সেপ্টেম্বরে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের প্রধান নির্বাচক হিসেবে অজিত আগরকারের চুক্তির মেয়াদ শেষ হতে যাচ্ছে। গুঞ্জন ছিল আগামী বছরের ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত তার মেয়াদ বাড়ানো হতে পারে, তবে বোর্ড সেই পথে না হাঁটার সিদ্ধান্ত নিয়েছে।

নির্বাচন কমিটির চেয়ারম্যান পদে আগরকারের চুক্তি নবায়ন না করার বিষয়ে বোর্ডের অভ্যন্তরে নীতিগত সিদ্ধান্ত হয়েছে। এই গুরুত্বপূর্ণ পদের পরবর্তী উত্তরসূরি হিসেবে দেশটির সাবেক কিংবদন্তি পেসার জহির খানের নাম জোরালোভাবে আলোচিত হচ্ছে। বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী, আগরকারের বিদায়ের পর শূন্যপদ পূরণের দৌড়ে জহির খানই সবার চেয়ে এগিয়ে রয়েছেন।

২০২৩ সালের ৪ জুলাই আগরকার দায়িত্ব গ্রহণ করেছিলেন এবং আগামী সেপ্টেম্বরে এই পদে তার মেয়াদ শেষ হতে যাচ্ছে। বিসিসিআইয়ের নিয়ম অনুযায়ী তার মেয়াদ আরও এক বছর বৃদ্ধির সুযোগ থাকলেও বোর্ড নতুন মুখ খুঁজছে। প্রধান নির্বাচকের পদের জন্য জহির খানের পাশাপাশি সাবেক ক্রিকেটার হরভজন সিং এবং পার্থিব প্যাটেলের নামও আলোচনায় রয়েছে। তবে জহির খানের সম্ভাবনাই সবচেয়ে বেশি।

লঙ্কানদের বিপক্ষে ভারতের টেস্ট সিরিজ শেষ হওয়ার পর বিসিসিআই কর্মকর্তাদের সঙ্গে আগরকারের একটি বৈঠক হওয়ার কথা রয়েছে। সেখানে তার ভবিষ্যৎ নিয়ে আনুষ্ঠানিক আলোচনা হবে। বিসিসিআইয়ের এই সিদ্ধান্তের পেছনে নির্বাচন কমিটি ও কর্মকর্তাদের মধ্যকার কিছু দীর্ঘদিনের মতপার্থক্য কাজ করছে বলে জানা গেছে।

বিশেষ করে সিনিয়র ক্রিকেটার এবং অধিনায়ক রোহিত শর্মার ক্যারিয়ার পরিকল্পনা নিয়ে দুই পক্ষের মধ্যে ভিন্নমত তৈরি হয়েছিল। নির্বাচক প্যানেল রোহিতকে নিয়ে ভিন্ন ভাবনা থাকলেও বোর্ড ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত তার অবস্থান প্রতিটি ম্যাচের নিরিখে মূল্যায়ন করার পক্ষে ছিল।

এদিকে ভিভিএস লক্ষ্মণকে ক্রিকেট পরিচালক পদে নিয়োগ দেওয়ার আলোচনা চলছে। তিনি প্রধান নির্বাচক পদের অধিক ভ্রমণের কারণে অনাগ্রহ প্রকাশ করায় জহির খানের নাম শীর্ষ তালিকায় উঠে আসে। তবে নতুন নিয়োগের বিষয়ে বিসিসিআইয়ের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।

এস এম/ ১৫ আগস্ট ২০২৬


Back to top button
🌐 Read in Your Language