মধ্যপ্রাচ্য

ইরানের সামরিক সক্ষমতা দ্রুত পুনর্গঠন: উদ্বেগ বাড়ছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রে

তেল আবিব, ১৫ আগস্ট – চলতি বছরের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর ইরানের সামরিক সক্ষমতা যে গতিতে পুনর্গঠিত হয়েছে, তাতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সামরিক কর্মকর্তারা। বিশেষ করে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সক্ষমতা দ্রুত পূর্বাবস্থায় ফিরে আসা ইসরায়েলি প্রতিরক্ষা ও গোয়েন্দা মহলে নতুন করে শঙ্কার সৃষ্টি করেছে।

ইসরায়েলি সংবাদমাধ্যম জেরুজালেম পোস্টের এক প্রতিবেদনে জানানো হয়েছে, যুদ্ধের মূল পর্ব শেষ হওয়ার পর ইরান তাদের সামরিক বাহিনী ও আক্রমণাত্মক সক্ষমতা প্রত্যাশার চেয়েও দ্রুতগতিতে পুনর্গঠন করেছে। এটি ইসরায়েল ডিফেন্স ফোর্সেস বা আইডিএফ এর প্রাথমিক ধারণাকে ছাড়িয়ে গেছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ২০২৫ সালের জুন মাসে ইরানের কাছে প্রায় ১ হাজার ৩০০টি ক্ষেপণাস্ত্র ছিল। পরবর্তীতে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরুর সময় সেই সংখ্যা বেড়ে ২ হাজার ৫০০ তে পৌঁছেছিল বলে ইসরায়েলি গোয়েন্দা মূল্যায়নে উঠে এসেছে। যুদ্ধের পর ইরানের আক্রমণাত্মক তৎপরতা আবারও জোরালো হয়েছে।

বিশেষ করে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে হস্তক্ষেপ এবং জুন মাস থেকে ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় এই উদ্বেগের সত্যতা মিলেছে। মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো মনে করছে, ইরান তাদের ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রযুক্তি পুনর্গঠনে বিশেষ কিছু কৌশল অবলম্বন করছে যা আগে ধারণার বাইরে ছিল।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের সামরিক মজুত নিয়েও নতুন চ্যালেঞ্জ তৈরি হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ইরানের বিরুদ্ধে দীর্ঘমেয়াদি যুদ্ধে যুক্তরাষ্ট্র তাদের এটিএসিএমএস এবং প্রিসিশন স্ট্রাইক মিসাইলের মজুত প্রায় শেষ করে ফেলেছে। এর ফলে ভবিষ্যতে বড় ধরনের সামরিক অভিযানের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রকে তুলনামূলকভাবে বেশি ঝুঁকি নিতে হতে পারে।

এদিকে ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে চীনের অব্যাহত সহায়তা তেহরানের এই দ্রুত পুনর্গঠনে বড় ভূমিকা রাখছে বলে সিএনএন এর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। যদিও আইডিএফ দাবি করেছে যে তারা ইরানের সামরিক সক্ষমতার ব্যাপক ক্ষতি করতে সক্ষম হয়েছে এবং তারা পরিস্থিতির ওপর গভীর নজর রাখছে। তবে তেহরানের এই দ্রুত ঘুরে দাঁড়ানোর ক্ষমতা মধ্যপ্রাচ্যের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

এস এম/ ১৫ আগস্ট ২০২৬


Back to top button
🌐 Read in Your Language