‘ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে আমরা, দ্রুত পরিকল্পনা না করলে সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়া কঠিন হবে’

সিরাজগঞ্জ, ১৪ আগস্ট – বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু মন্তব্য করেছেন যে, বর্তমান দেশ এক ভয়াবহ ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে আছে। আওয়ামী লীগ সরকারের বিপুল ঋণের বোঝা এমন পর্যায়ে পৌঁছেছে যে, সঠিক পরিকল্পনা না থাকলে ভবিষ্যতে সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াও অসম্ভব হয়ে পড়তে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।
শুক্রবার বিকেলে সিরাজগঞ্জ পৌরসভার হলরুমে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সঠিক পরিকল্পনা ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয় উল্লেখ করে মন্ত্রী বলেন, সরকার সাধারণ মানুষের ওপর করের বোঝা না চাপিয়ে একটি জনবান্ধব বাজেট প্রণয়ন করেছে। তবে এই বাজেটের যথাযথ বাস্তবায়নে প্রশাসন ও জনগণের সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
এর আগে তিনি সিরাজগঞ্জ পৌরসভার আধুনিক বর্জ্য সংগ্রাহক ডাম্পট্রাকের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে নিজেই ট্রাক চালিয়ে স্মৃতিচারণ করেন। তিনি বলেন, প্রায় ৩০ বছর আগে বিদেশে এমন পরিচ্ছন্নতার গাড়ি দেখেছিলেন। সেই পুরোনো স্মৃতির টানেই আজ তিনি ট্রাক চালিয়েছেন।
পৌরসভার সম্পদ রক্ষায় সবার প্রতি যত্নশীল হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, এই সব সম্পদের প্রকৃত মালিক দেশের সাধারণ জনগণ।
অনুষ্ঠানে জেলা প্রশাসক আমিনুল ইসলাম, পৌরসভার প্রশাসক শাহাদাত হুসেইন এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এনএন/ ১৪ আগস্ট ২০২৬









