২০৩৫ কোটি টাকা পাচ্ছেন অবসরপ্রাপ্ত বেসরকারি শিক্ষকরা

ঢাকা, ১৪ আগস্ট – বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের অবসরপ্রাপ্ত শিক্ষক ও কর্মচারীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আগামীকাল শনিবার থেকে বকেয়া পাওনা পরিশোধ শুরু হচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে অবসর ও কল্যাণের অর্থ বাবদ এককালীন ২০৩৫ কোটি ৮৬ লক্ষ টাকা প্রদানের সিদ্ধান্ত নিয়েছে সরকার।
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান দেশের ৬৪টি জেলায় একযোগে শিক্ষকদের নিজ নিজ ব্যাংক অ্যাকাউন্টে এই অর্থ পৌঁছে দেওয়া হবে। শিক্ষামন্ত্রী বলেন যে দেশের শিক্ষা ব্যবস্থার প্রায় ৮০ থেকে ৮৫ শতাংশ পরিচালিত হয় এমপিওভুক্ত বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে।
যারা সন্তানদের ভবিষ্যৎ গড়েন জীবনের শেষ পর্যায়ে এসে তাদের চরম অবহেলা ও অনিশ্চয়তার মুখোমুখি হওয়া অত্যন্ত দুঃখজনক। দুর্নীতি ও অনিয়মের সিন্ডিকেট ভেঙে একটি আধুনিক ও মানসম্মত শিক্ষা ব্যবস্থা গড়ে তোলাই সরকারের লক্ষ্য। শিক্ষাখাতে যেকোনো ধরনের দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বজায় রাখা হবে।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে ২০২২ সালের পর থেকে প্রায় ১ লাখ ২৩ হাজারের বেশি শিক্ষক পরিবার চরম মানবিক সংকটে ছিলেন। এই সংকট নিরসনে কোনো প্রকার মধ্যস্বত্বভোগী ছাড়াই সরাসরি ইএফটি বা ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের মাধ্যমে অর্থ পাঠানো হবে।
এতে আইবাস প্লাস প্লাস প্রযুক্তির ব্যবহার করে জাতীয় পরিচয়পত্র যাচাইয়ের মাধ্যমে স্বচ্ছতা নিশ্চিত করা হবে। ম্যানুয়াল ফাইল আটকে রাখার সংস্কৃতি পুরোপুরি বন্ধ করা হয়েছে। ঘোষিত বরাদ্দের মধ্যে ১,৫৫০ কোটি টাকা অবসর সুবিধা বোর্ডের জন্য এবং ৪৮৫ কোটি টাকা কল্যাণ ট্রাস্টের জন্য নির্ধারণ করা হয়েছে।
এর ফলে প্রথম পর্যায়ে ৭০,১১৯ জন শিক্ষক তাদের পাওনা পাবেন। এছাড়া কল্যাণ ট্রাস্টের অধীনে ৫৩,২০১টি আবেদনের বিপরীতে অর্থ প্রদান করা হবে। দীর্ঘমেয়াদী সমাধানের লক্ষ্যে সরকারি ট্রেজারি বন্ডে বিনিয়োগ বাড়িয়ে এমন একটি স্বয়ংক্রিয় ব্যবস্থা গড়ে তোলার কাজ চলছে যাতে অবসরের ছয় মাসের মধ্যে শিক্ষকরা তাদের প্রাপ্য অর্থ পেয়ে যান। ইতোমধ্যে অবসর সুবিধা বোর্ড ও কল্যাণ ট্রাস্টকে বন্ড প্রদান করা হয়েছে।
এস এম/ ১৪ আগস্ট ২০২৬









