ইউরোপ

আকাশযুদ্ধে ইউক্রেনের দুটি যুদ্ধবিমান ধ্বংস করার দাবি রাশিয়ার

মস্কো, ১৩ আগস্ট – একক আকাশযুদ্ধে ইউক্রেনের দুটি সু-২৭ যুদ্ধবিমান ধ্বংস করার দাবি করেছে রাশিয়া। রুশ বিমানবাহিনীর কমান্ডার ও রাশিয়ার মহাকাশ বাহিনীর উপপ্রধান সের্গেই কোবিলাশ এই দাবি করেন। রুশ সংবাদপত্র ক্রাসনায়া জেভেজদাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান যে, একটি সু-৩৫এস যুদ্ধবিমানের পাইলট একই যুদ্ধে তিনটি আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবহার করে দুটি ইউক্রেনীয় সু-২৭ ধ্বংস করেছেন।

রাশিয়ার বিমানবাহিনীর ১১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এই সাক্ষাৎকারে কোবিলাশ ঘটনাটিকে রুশ পাইলটের সাহসিকতার অন্যতম উল্লেখযোগ্য উদাহরণ হিসেবে তুলে ধরেন। তিনি আরও জানান যে, ওই পাইলট অগ্রসরমান রুশ সেনাদের একটি দলকে আকাশ থেকে সুরক্ষা দেওয়ার জন্য যুদ্ধকালীন টহলে নিয়োজিত ছিলেন।

নির্ধারিত এলাকায় অবস্থান নেওয়ার পর তিনি রাডারের মাধ্যমে আকাশে সম্ভাব্য লক্ষ্যবস্তু খুঁজতে শুরু করেন। কোবিলাশের দাবি অনুযায়ী, ইউক্রেনীয় পক্ষ জ্যামিং প্রযুক্তি ব্যবহার করলেও রুশ পাইলট অত্যন্ত দক্ষতার সাথে দুটি শত্রু সু-২৭ শনাক্ত করতে সক্ষম হন।

পরিস্থিতি মূল্যায়নের পর সংখ্যায় বেশি থাকা প্রতিপক্ষের বিরুদ্ধে তিনি সরাসরি আকাশযুদ্ধে জড়িয়ে পড়েন। রুশ কমান্ডারের ভাষ্য অনুযায়ী, পাইলট কৌশলগতভাবে সুবিধাজনক অবস্থান নেওয়ার পর নিখুঁতভাবে তিনটি আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ছোড়েন এবং এতে দুটি ইউক্রেনীয় যুদ্ধবিমানই ধ্বংস হয় বলে তিনি দাবি করেন।

এস এম/ ১৩ আগস্ট ২০২৬


Back to top button
🌐 Read in Your Language