দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত সহস্রাধিক

ঢাকা, ১৩ আগস্ট – সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৫ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আরও ১ হাজার ২৫ জনের শরীরে হাম ও এর উপসর্গ দেখা দিয়েছে। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, গত এক দিনে ঢাকা বিভাগে হামের উপসর্গে ২ শিশুর মৃত্যু হয়েছে।
এছাড়া চট্টগ্রাম, সিলেট ও রংপুর বিভাগে একজন করে মোট ৩ শিশুর প্রাণহানি ঘটেছে। তথ্যমতে, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারা দেশে হাম ও এর উপসর্গে মোট ৮৯০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সরাসরি হামে আক্রান্ত হয়ে ৯৯ জন এবং হামের উপসর্গে ৭৯১ জনের মৃত্যু হয়।
গত ২৪ ঘণ্টায় নতুন করে ৭৪ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে এবং ৯৫১ জনের মধ্যে উপসর্গ দেখা দিয়েছে। ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট ১ লাখ ৪০ হাজার ৭৬ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে এবং হাম শনাক্ত হয়েছে ১৭ হাজার ৫৪৩ জনের।
স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, এই সময়ে সারা দেশে হাম ও এর উপসর্গ নিয়ে ১ লাখ ২১ হাজার ৯০৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ১৭ হাজার ৬৯০ জন।
এস এম/ ১৩ আগস্ট ২০২৬









