বিশ্ববাজারে তেলের দামে বড় পতন: চাহিদা কমার পূর্বাভাস দিল আইইএ ও ওপেক

তেহরান, ১৩ আগস্ট – বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দামে বড় ধরণের পতন লক্ষ্য করা গেছে। আন্তর্জাতিক জ্বালানি সংস্থা এবং তেল রফতানিকারক দেশগুলোর সংস্থা ওপেক ২০২৬ সালের জন্য বৈশ্বিক তেলের চাহিদার পূর্বাভাস একযোগে হ্রাস করায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
আজ বৃহস্পতিবার এশীয় ট্রেডিং সেশনে ব্রেন্ট ক্রুডের দাম শূন্য দশমিক পাঁচ শতাংশ কমে ব্যারেল প্রতি ৮৮ দশমিক ৫৬ ডলারে নেমে এসেছে। একই সাথে মার্কিন বেঞ্চমার্ক ডব্লিউটিআই ক্রুডের দামও শূন্য দশমিক ছয় শতাংশ কমে বর্তমানে ৮২ দশমিক ৭৭ ডলারে অবস্থান করছে।
হরমুজ প্রণালিতে বিরাজমান সামরিক উত্তেজনা এবং সরবরাহ ব্যবস্থার অনিশ্চয়তা বিশ্বজুড়ে তেলের চাহিদা হ্রাসের অন্যতম কারণ হিসেবে দেখা হচ্ছে। আইইএ তাদের আগস্ট মাসের প্রতিবেদনে জানিয়েছে যে অতিরিক্ত উচ্চমূল্যের প্রভাবে চলতি বছর দৈনিক তেলের চাহিদা ১৬ লাখ ব্যারেল পর্যন্ত কমতে পারে।
ওপেকের পূর্বাভাস অনুযায়ী চাহিদার পরিমাণ বাড়ার কথা থাকলেও তা প্রত্যাশার চেয়ে অনেক কমিয়ে দৈনিক ৫ লাখ ৮০ হাজার ব্যারেলে নামিয়ে আনা হয়েছে। চাহিদার এই ধসের পাশাপাশি তেলের বাজারে মন্দার নেপথ্যে রয়েছে যুক্তরাষ্ট্রে তেলের মজুত বৃদ্ধি।
গত সপ্তাহে মার্কিন বাণিজ্যিক তেলের মজুত এক লাফে এক কোটি ৭৪ লাখ ব্যারেল বেড়ে মোট ৪২ কোটি ব্যারেল ছাড়িয়ে গেছে। দেশটিতে তেলের আমদানি বৃদ্ধি এবং রফতানি কমে যাওয়ার ফলে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের উদ্বৃত্ত আরও বেড়েছে।
এস এম/ ১৩ আগস্ট ২০২৬









