রাজধানীতে ডিএমপির সাঁড়াশি অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০০

ঢাকা, ১৩ আগস্ট – রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান চালিয়ে মোট ৫০০ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
বৃহস্পতিবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারদের বিভাগভিত্তিক পরিসংখ্যানে জানা গেছে, রমনা বিভাগে ৪৬ জন, লালবাগে ৪৯ জন, ওয়ারীতে ৬৫ জন, মতিঝিলে ৮৫ জন, তেজগাঁওয়ে ৫৩ জন, মিরপুরে ১০১ জন, গুলশানে ৩৪ জন এবং উত্তরা বিভাগে ৪৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া ডিএমপির গোয়েন্দা বিভাগ ১৭ জন এবং সিটিটিসি ৭ জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
অভিযান চলাকালে বিপুল পরিমাণ অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। এর মধ্যে রয়েছে দুটি বিদেশি পিস্তল, পাঁচ রাউন্ড গুলি, দুটি ম্যাগাজিন, ১২ কেজি ২০০ গ্রাম গাঁজা, ৬ হাজার ৬৪৭ পিস ইয়াবা, ৪০ বোতল ফেনসিডিল এবং ১০০ গ্রাম হেরোইন। এ ছাড়া তল্লাশিতে পাঁচটি পিতলের জালি, ছয়টি মোবাইল ফোন, তিনটি চাপাতি, একটি হাতুড়ি ও একটি খেলনা পিস্তল জব্দ করা হয়।
অভিযানের সময় একজন ভিকটিমকেও উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মহানগরের জননিরাপত্তা নিশ্চিত করতে ডিএমপির এই নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। মাদক চোরাচালান ও অস্ত্র উদ্ধারের পাশাপাশি অপরাধ দমনে রাজধানীর প্রতিটি থানা এলাকায় কঠোর নজরদারি চালানো হচ্ছে।
এনএন/ ১৩ আগস্ট ২০২৬









