দক্ষিণ এশিয়া

বেঙ্গালুরুর ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ায় ক্ষুব্ধ প্রকাশ রাজ

বেঙ্গালুরু, ১২ আগস্ট – বেঙ্গালুরুর ভোটার তালিকা থেকে নিজের নাম বাদ দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন প্রখ্যাত ভারতীয় অভিনেতা প্রকাশ রাজ। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত একটি ভিডিও বার্তায় তিনি দাবি করেন যে বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়ায় বেঙ্গালুরুর প্রায় ৬৫ লাখ ভোটারের সঙ্গে তার নামও তালিকা থেকে সরিয়ে ফেলা হয়েছে।

প্রকাশ রাজ বলেন যে যে কেন্দ্রে তার জন্ম ও বেড়ে ওঠা এবং যেখান থেকে তিনি লোকসভা নির্বাচনে অংশ নিয়েছিলেন সেই কেন্দ্রের ভোটার তালিকায় এখন তার নাম নেই। ভোটার পরিচয়পত্র ফিরে পেতে তাকে এখন আইনি ও দাপ্তরিক প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে বলে তিনি উল্লেখ করেন।

তবে প্রকাশ রাজের এই অভিযোগের প্রেক্ষিতে একটি বিবৃতি দিয়েছে বেঙ্গালুরু সেন্ট্রাল সিটি কর্পোরেশন। কর্তৃপক্ষের দাবি অনুযায়ী সংশ্লিষ্ট বুথ লেভেল অফিসার বা বিএলও বাড়ি বাড়ি গিয়ে যাচাইয়ের সময় জানতে পারেন যে অভিনেতা বর্তমানে তার নিবন্ধিত ঠিকানায় আর বসবাস করেন না।

সিটি কর্পোরেশনের বিবৃতিতে জানানো হয় যে বিএলও ওই ফ্ল্যাটের প্রতিবেশী ও প্রপার্টি ম্যানেজারের সঙ্গে কথা বলে নিশ্চিত হয়েছেন যে প্রকাশ রাজ গত চার বছর ধরে সেখানে থাকেন না। বর্তমানে সেখানে অন্য ভাড়াটিয়ারা বসবাস করছেন। এসব তথ্যের ভিত্তিতে স্পট ইনস্পেকশন রিপোর্টের মাধ্যমে তার ভোটার স্ট্যাটাস স্থানান্তরিত হিসেবে চিহ্নিত করা হয়েছে।

বেঙ্গালুরু সেন্ট্রাল সিটি কর্পোরেশনের কমিশনার জগদীশ জি জানিয়েছেন যে তিনি প্রকাশ রাজের সঙ্গে সরাসরি কথা বলেছেন। অভিনেতা বর্তমানে শান্তিনগর বিধানসভা কেন্দ্রের অন্য একটি ঠিকানায় বসবাস করার কথা স্বীকার করেছেন।

নতুন ঠিকানায় ভোটার তালিকায় নাম নথিভুক্ত করার জন্য তাকে যথাযথ ফরম পূরণ করার পরামর্শ দেওয়া হয়েছে। ইতিপূর্বে গত ১০ জুলাই একটি ফৌজদারি মামলায় প্রকাশ রাজকে শর্তসাপেক্ষ জামিন দিয়েছিল নগর আদালত। ওই মামলায় তার বিরুদ্ধে অবৈধভাবে চারটি ভোটার কার্ড নিজের কাছে রাখার অভিযোগ ছিল।

এস এম/ ১২ আগস্ট ২০২৬


Back to top button