মধ্যপ্রাচ্য

ইরানের সর্বোচ্চ নেতা ও প্রেসিডেন্টের মধ্যে সাত ঘণ্টার গোপন বৈঠক

তেহরান, ১০ আগস্ট – ইরানের চলমান অভ্যন্তরীণ ও বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় দেশটির সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি এবং প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এক গোপন বৈঠকে মিলিত হয়েছেন। দীর্ঘ সাত ঘণ্টা স্থায়ী এই বৈঠকে তারা দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

সোমবার ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরএনএ এই বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছে।

প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের বরাত দিয়ে প্রতিবেদনে জানানো হয় যে সর্বোচ্চ নেতা জাতীয় ঐক্য ও সংহতি বজায় রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন। জনগণের জীবনযাত্রার মান উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং আবাসন সমস্যা সমাধান ছিল আলোচনার মূল কেন্দ্রবিন্দু। এছাড়া আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে সৃষ্ট অর্থনৈতিক সংকট নিরসনে করণীয় নিয়েও দুই নেতা কথা বলেন।

উল্লেখ্য যে গত ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাথে ইরানের উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। আঞ্চলিক নিরাপত্তা বজায় রাখতে পাকিস্তান মধ্যস্থতা করলেও সম্প্রতি পরিস্থিতি জটিল রূপ ধারণ করেছে। সংঘাত নিরসনে নানা উদ্যোগের মাঝেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হামলা বন্ধের নির্দেশ দিয়েছিলেন।

এনএন/ ১০ আগস্ট ২০২৬


Back to top button