শিক্ষা

ময়মনসিংহ শিক্ষা বোর্ডে এসএসসিতে পাসের হার ৫৭.৩৯ শতাংশ

ময়মনসিংহ, ১০ আগস্ট – ময়মনসিংহ শিক্ষা বোর্ডে ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার ৫৭ দশমিক ৩৯ শতাংশ রেকর্ড করা হয়েছে। চলতি বছর এই বোর্ডের অধীনে মোট ১ লাখ ৫ হাজার ২৮ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। প্রাপ্ত ফলাফল অনুযায়ী উত্তীর্ণ শিক্ষার্থীর সংখ্যা ৬০ হাজার ২৭৪ জন।

গত বছর এই বোর্ডে পাসের হার ছিল ৫৮ দশমিক ২২ শতাংশ। সেই হিসেবে এক বছরের ব্যবধানে ময়মনসিংহ বোর্ডে পাসের হার শূন্য দশমিক ৮৩ শতাংশ হ্রাস পেয়েছে। সোমবার সকালে ময়মনসিংহ শিক্ষা বোর্ড কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই ফলাফল ঘোষণা করেন বোর্ডের সচিব অধ্যাপক মো. এনামুল হক।

অন্যদিকে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীন এসএসসি ও দাখিল ভোকেশনাল পরীক্ষায় পাসের হার ৫৮ দশমিক ২০ শতাংশ। এই বোর্ডের আওতায় দেশের ৬৫১টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নেন ১ লাখ ২৭ হাজার ৯৬৪ জন পরীক্ষার্থী যার মধ্যে জিপিএ ৫ পেয়েছেন ৩ হাজার ৯৫১ জন।

মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষায় পাসের হার ৫৫ দশমিক ৪৯ শতাংশ। এই পরীক্ষায় ৭৪১টি কেন্দ্রে মোট ২ লাখ ৯৬ হাজার ৯৮২ জন পরীক্ষার্থী অংশ নেন এবং পাস করেছেন ১ লাখ ৬৪ হাজার ৭৯৭ জন। মাদরাসা বোর্ডে জিপিএ ৫ অর্জন করেছেন ৬ হাজার ১৭৬ জন শিক্ষার্থী।

সামগ্রিকভাবে নয়টি সাধারণ শিক্ষা বোর্ডসহ মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে এবার মোট পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ এবং মোট জিপিএ ৫ পেয়েছেন এক লাখ ১৬ হাজার ৬৭৬ শিক্ষার্থী।

এস এম/ ১০ আগস্ট ২০২৬


Back to top button