‘দুই নেতা বসলেই অনেক সমস্যার সমাধান সম্ভব’: ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী

ঢাকা, ৯ আগস্ট – বাংলাদেশ ও ভারতের দ্বি-পাক্ষিক সম্পর্কের বিদ্যমান নানা টানাপোড়েন ও সমস্যা নিরসনে দুই দেশের শীর্ষ নেতৃত্বের প্রত্যক্ষ আলোচনার ওপর গুরুত্বারোপ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। তিনি বলেছেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে যদি আলোচনা হয়, তবে বহু জটিল সমস্যারই নিমিষে সমাধান হয়ে যাবে।
রোববার (৯ আগস্ট) রাজধানীর যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে (আইভেক) শিশুদের একটি মনোরম খেলার জায়গা উদ্বোধনের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ কথা বলেন।
বাংলাদেশ ও ভারতের শীর্ষ দুই নেতাই জনগণের অত্যন্ত ঘনিষ্ট উল্লেখ করে দীনেশ ত্রিবেদী বলেন, “বাংলাদেশের মান্যবর প্রধানমন্ত্রীকে আমরা সবাই অনেক সম্মান করি। আমি নিজে বহুবার তাঁর গঠনমূলক বক্তৃতা শুনেছি। তিনি একজন খাঁটি জনবান্ধব নেতা। একইভাবে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও একজন জনবান্ধব ব্যক্তিত্ব।”
হাইকমিশনার দুই প্রতিবেশীর সম্পর্ক ও সম্ভাব্য সমস্যার সমাধান প্রসঙ্গে বেশ আশাবাদ ব্যক্ত করেন। কূটনৈতিক সম্পর্ককে ইতিবাচক মোড়ে নেওয়ার ইঙ্গিত দিয়ে তিনি মন্তব্য করেন, “আমার প্রবল বিশ্বাস যে, যখন দুই দেশের শীর্ষ নেতা (প্রধানমন্ত্রী তারেক রহমান ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি) মুখোমুখি আলোচনায় বসবেন, তখনই অনেক ঝুলে থাকা সমস্যার সমাধান সম্ভব হবে (When two leaders meet, a lot of problems are solved)। মানুষে মানুষে যোগাযোগ আর আলোচনার মাধ্যমেই সমাধান আসে। আমি এখানে কোনো নেতিবাচক কিছু দেখি না, পুরোটাই ইতিবাচক।”
এদিন যমুনা ফিউচার পার্কের আইভেক সেন্টারে আসা আবেদনকারীদের সুবিধার্থে এবং বিশেষ করে শিশুদের কথা মাথায় রেখে একটি নতুন প্লে- জোন উদ্বোধন করা হয়। ভারতীয় হাইকমিশনের এই উদ্যোগকে ভিসা প্রত্যাশীদের জন্য একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক প্রেক্ষাপটে দুই দেশের সরকারপ্রধানের সম্ভাব্য বৈঠক এবং ভারতীয় হাইকমিশনারের এমন ইতিবাচক বক্তব্য ঢাকা-নয়াদিল্লি সুসম্পর্ক ও আঞ্চলিক স্থিতিশীলতার ক্ষেত্রে নতুন এক মাত্রার ইঙ্গিত দিচ্ছে।
এনএন/ ৯ আগস্ট ২০২৬









