জাতীয়

ঢাকার চারপাশের নদীর দূষণরোধে এক মাসের মধ্যে কর্মপরিকল্পনার নির্দেশ প্রধানমন্ত্রীর

ঢাকা, ৬ আগস্ট – রাজধানীর চারপাশের নদীগুলোর দূষণরোধে সমন্বিত কর্মপরিকল্পনা তৈরির নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার বুড়িগঙ্গা নদীর পানি ও পরিবেশ রক্ষা সংক্রান্ত এক গুরুত্বপূর্ণ সভায় তিনি এই নির্দেশনা প্রদান করেন।

সভা শেষে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম সাংবাদিকদের এই সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, প্রধানমন্ত্রী আগামী এক মাসের মধ্যে নদীদূষণ বন্ধে বিস্তারিত কর্মপরিকল্পনা জমা দেওয়ার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন।

নদীগুলোর দূষণ রোধে প্রতিটি কারখানায় ইটিপি বা এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপনের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। প্রশাসক জানান, পরিবেশ রক্ষায় যারা এই নির্দেশনা অমান্য করবে, তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি আরও বলেন যে, পর্যায়ক্রমে সারা দেশের নদীগুলোকে দূষণমুক্ত করার উদ্যোগ নেওয়া হবে, তবে কার্যক্রমের প্রাথমিক স্তর ঢাকা থেকেই শুরু হবে। নদী রক্ষা করতে না পারলে পরিবেশ ও জনস্বাস্থ্য বড় ধরণের ঝুঁকির মুখে পড়বে বলে সভায় উদ্বেগ প্রকাশ করা হয়।

এস এম/ ৬ আগস্ট ২০২৬


Back to top button