অননুমোদিত লিগে খেলে শাস্তির মুখে পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা

ইসলামাবাদ, ৫ আগস্ট – জাম্বিয়ায় আয়োজিত অননুমোদিত এশিয়ান লিজেন্ডস লিগে অংশ নেওয়ায় পাকিস্তানের একাধিক সাবেক ক্রিকেটারের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আইসিসির নীতিমালা ও খেলোয়াড়দের ছাড়পত্র (এনওসি) সংক্রান্ত নিয়ম অনুযায়ী এই প্রতিযোগিতাটিকে অবৈধ ঘোষণা করেছে পিসিবি।
এমনকি আয়োজক দেশ জাম্বিয়ার ক্রিকেট ইউনিয়নও এই টুর্নামেন্টকে স্বীকৃতি দেয়নি বলে বোর্ড সূত্রে জানা গেছে। পিসিবি জানিয়েছে যে প্রয়োজনীয় ছাড়পত্র ছাড়া এই লিগে অংশ নেওয়া খেলোয়াড়দের বিরুদ্ধে তদন্ত চালানো হবে। দোষী সাব্যস্ত হলে তাদের ওপর দুই বছরের নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে।
এই নিষেধাজ্ঞার আওতায় তারা পিসিবি অনুমোদিত কোনো বিদেশি লিগে খেলার সুযোগ পাবেন না। পাশাপাশি এই সময়ে বোর্ড বা পাকিস্তান সুপার লিগের (পিএসএল) কোনো ধরণের কোচিং, মেন্টরিং কিংবা পরামর্শক পদে যুক্ত হতে পারবেন না তারা।
আইসিসির নিয়ম উল্লেখ করে পিসিবি আরও জানিয়েছে যে যেকোনো বিদেশি টুর্নামেন্টে অংশগ্রহণের আগে সংশ্লিষ্ট বোর্ডের অনুমতি নেওয়া বাধ্যতামূলক। এই নিয়ম অমান্য করলে খেলোয়াড় এবং সংশ্লিষ্ট বোর্ড উভয়ই পিসিবির কাছে দায়বদ্ধ থাকবে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম ক্রিকইনফোর তথ্য অনুযায়ী, গত ৩০ জুলাই থেকে শুরু হওয়া এই প্রতিযোগিতায় মোট ছয়টি দল অংশ নিয়েছে। পাকিস্তান প্যান্থার্স নামের একটি দলে শোয়েব মালিক, মোহাম্মদ হাফিজ, কামরান আকমল ও শারজিল খানের মতো তারকারা খেলছেন বলে জানা গেছে।
পাকিস্তান প্যান্থার্স দলের সম্ভাব্য তালিকায় ইমরান নাজির, সাঈদ আজমল, সোহেল তানভীর, ইয়াসির শাহ ও উমর আকমলের মতো সাবেক ক্রিকেটারদের নামও রয়েছে। ইতিমধ্যে বেশ কয়েকজন খেলোয়াড় মাঠেও নেমেছেন। উল্লেখ্য যে এই টুর্নামেন্টে বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কার সাবেক ক্রিকেটাররা অংশ নিলেও পিসিবি ছাড়া অন্য কোনো বোর্ড এখন পর্যন্ত এ বিষয়ে কোনো কঠোর অবস্থান নেয়নি।
এস এম/ ৫ আগস্ট ২০২৬









