সম্পত্তি দান করলেও আজীবন ভোগের অধিকার পাবেন দাতা, মন্ত্রিসভায় আইনের খসড়া অনুমোদন

ঢাকা, ৪ আগস্ট – সম্পত্তি দান করার পরও দাতা তার জীবদ্দশায় ওই সম্পত্তি ভোগ ও ব্যবহারের আইনি অধিকার বজায় রাখতে পারবেন। এমন বিধান রেখে সংশ্লিষ্ট আইনের সংশোধনীর খসড়ায় নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রচলিত সম্পত্তি হস্তান্তর আইন অনুযায়ী বর্তমানে কেউ সম্পত্তি দান করলে তার মালিকানা ও ভোগদখলের সব অধিকার গ্রহীতার কাছে চলে যায়। তবে প্রস্তাবিত নতুন সংশোধনী অনুযায়ী সম্পত্তির মালিকানা হস্তান্তর হলেও দাতা আজীবন সেটি ভোগ ও ব্যবহার করার আইনি সুরক্ষাকবচ পাবেন।
একই বৈঠকে গুম প্রতিরোধ ও প্রতিকার আইনের খসড়াও অনুমোদন দিয়েছে সরকার। এই আইনটি গুম প্রতিরোধ করার পাশাপাশি দায়ী ব্যক্তিদের বিচার এবং গুম হওয়া ব্যক্তির সন্ধানে কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। এটি ভুক্তভোগী ও তাদের পরিবারের অধিকার রক্ষা, ক্ষতিপূরণ এবং পুনর্বাসন নিশ্চিত করার একটি সমন্বিত আইনি কাঠামো প্রদান করবে।
প্রস্তাবিত আইনে গুম হওয়া ব্যক্তিকে উদ্ধারের জন্য আদালতের মাধ্যমে তল্লাশি পরোয়ানা জারি করা এবং অভিযুক্তের অনুপস্থিতিতে বিচার করার বিধান রাখা হয়েছে। এছাড়া এতে ডিজিটাল সাক্ষ্যের গ্রহণযোগ্যতা এবং সাক্ষী ও অভিযোগকারীর গোপনীয়তা রক্ষার বিষয়টিও অন্তর্ভুক্ত রয়েছে।
ভুক্তভোগী পরিবারের তদন্তের অগ্রগতি জানার অধিকারও এই আইনে স্বীকৃত হয়েছে। পাশাপাশি মন্ত্রিসভা অত্যাবশ্যকীয় ঔষধের তালিকা এবং ঔষধের মূল্য নির্ধারণ পদ্ধতির সংশোধনী বাতিলের প্রস্তাব অনুমোদন করেছে। এর ফলে ১৯৯৪ সালের ঔষধের তালিকা ও সরকারি মূল্য নির্ধারণ ব্যবস্থা পুনরায় বহাল থাকবে।
এস এম/ ৪ আগস্ট ২০২৬









