জাতীয়

বৈদেশিক মুদ্রার রিজার্ভে স্বস্তি: গ্রস রিজার্ভ ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

ঢাকা, ৩ আগস্ট – দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের স্থিতিতে ইতিবাচক ধারা পরিলক্ষিত হচ্ছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ সালের ২ আগস্ট পর্যন্ত দেশের মোট বা গ্রস বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩৬ হাজার ৪৬৯ দশমিক ৯৪ মিলিয়ন বা ৩৬ দশমিক ৪৬ বিলিয়ন মার্কিন ডলারে।

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের হিসাবপদ্ধতি বিপিএম৬ অনুযায়ী এই রিজার্ভের পরিমাণ ৩১ হাজার ৬৫১ দশমিক ৯৭ মিলিয়ন বা ৩১ দশমিক ৬৫ বিলিয়ন মার্কিন ডলার। কেন্দ্রীয় ব্যাংকের ফরেক্স রিজার্ভ অ্যান্ড ট্রেজারি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের যুগ্ম পরিচালক মোহাম্মদ ইব্রাহিম মুনসি বিষয়টি নিশ্চিত করেছেন।

মূলত প্রবাসী আয়ের উচ্চ প্রবাহের কারণেই রিজার্ভের এই প্রবৃদ্ধি সম্ভব হয়েছে। চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে বাংলাদেশে ২ দশমিক ৮৫৯ বিলিয়ন মার্কিন ডলারের রেমিট্যান্স এসেছে যা আগের বছরের তুলনায় প্রায় ১৫ দশমিক ৪ শতাংশ বেশি।

বিশেষ করে জুলাই মাসের শেষ দুই দিনে ১৫২ মিলিয়ন ডলারের প্রবাসী আয় আসার বিষয়টি সামগ্রিক অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ক্রমবর্ধমান এই রেমিট্যান্স প্রবাহ দেশের বৈদেশিক খাতের স্থিতিশীলতা রক্ষায় সহায়ক হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এস এম/ ৩ আগস্ট ২০২৬


Back to top button