২০২৭ সালের ফিফা নির্বাচনে প্রার্থী হচ্ছেন না নাসের আল-খেলাইফি

প্যারিস, ১ আগস্ট – ২০২৭ সালের ফিফা সভাপতি নির্বাচনে অংশ নেওয়ার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন প্যারিস সেন্ট জার্মেই প্রধান নাসের আল খেলাইফি। সাম্প্রতিক সময়ে বর্তমান ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হিসেবে তার নাম আলোচিত হলেও সব জল্পনা উড়িয়ে দিয়েছেন তিনি।
খেলাইফির ঘনিষ্ঠ সূত্রগুলো এই খবরকে গণমাধ্যমের অতিরঞ্জন বলে অভিহিত করেছে।
বিশ্বকাপ আয়োজনের ক্ষেত্রে ফিফার বিতর্কিত বাণিজ্যিক প্রস্তাবের জেরে ইউরোপীয় ফুটবল অঙ্গনে ইনফান্তিনোর সঙ্গে এক ধরনের দূরত্ব তৈরি হয়। এই প্রেক্ষাপটে ইউরোপীয় ফুটবলের প্রভাবশালী অনেক কর্মকর্তা আল খেলাইফিকে নির্বাচনে অংশ নিতে উৎসাহ প্রদান করেছিলেন।
ইউরোপিয়ান ক্লাব অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান হিসেবে তিনি ফিফার বর্তমান নীতিমালার কড়া সমালোচক হওয়ায় তাকে বিকল্প নেতৃত্ব হিসেবে বিবেচনা করা হচ্ছিল। তবে আল খেলাইফি তার বর্তমান দায়িত্বেই মনোযোগী হতে চান।
তার ঘনিষ্ঠ সূত্র নিশ্চিত করেছে যে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ প্রশাসনিক পদের চেয়ে পিএসজি এবং বিইন মিডিয়া গ্রুপের পরিচালনাকেই তিনি বেশি গুরুত্ব দিচ্ছেন। ২০২৭ সালের নির্বাচনে প্রার্থী হওয়ার কোনো পরিকল্পনা বা ইচ্ছা তার নেই বলে জানানো হয়েছে।
এনএন/ ১ আগস্ট ২০২৬









