মধ্যপ্রাচ্য

গাজায় ইসরায়েলি হামলায় দুই ফিলিস্তিনি নিহত ও বহু মানুষ আহত

গাজা, ১ আগস্ট – গাজা উপত্যকাজুড়ে ইসরায়েলি বাহিনীর সাম্প্রতিক হামলায় অন্তত দুই ফিলিস্তিনি নিহত হয়েছেন। শুক্রবার গাজার বিভিন্ন এলাকায় চালানো এসব হামলায় আরও কয়েক ডজন মানুষ আহত হয়েছেন বলে জানা গেছে।

আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, মধ্য গাজার দেইর আল-বালাহ এলাকার আবু আরিফ সড়কে ইসরায়েলি হামলায় ৩৩ বছর বয়সী মাহমুদ মোহাম্মদ ফাতায়ের নিহত হন। শুহাদা আল-আকসা হাসপাতালের চিকিৎসা সূত্র জানিয়েছে, একই এলাকার সালাহ আল-দিন সড়কে পৃথক হামলায় ৩৮ বছর বয়সী মোহাম্মদ আবদেল নাসের আল-খাতিবও প্রাণ হারিয়েছেন।

চিকিৎসা সূত্রের বরাতে আরও জানা যায়, বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে চালানো ড্রোন হামলায় কয়েকজন আহত হয়েছেন যাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। এদিকে মধ্য গাজার নুসেইরাত শরণার্থী শিবিরের একটি আবাসিক ভবনে বিমান হামলায় অন্তত ১০ ফিলিস্তিনি আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ইসরায়েলি বাহিনীর পক্ষ থেকে সতর্কবার্তা দেওয়ার পর একটি বহুতল ভবন ধ্বংস করা হয়। এছাড়া দক্ষিণ গাজার খান ইউনিস এবং উত্তর গাজা সিটির বিভিন্ন এলাকায় ড্রোন ও ভারী অস্ত্রের হামলায় নারী ও শিশুসহ আরও বহু মানুষ আহত হয়েছেন।

যুদ্ধবিরতির আলোচনার খবরের মধ্যেও গাজাজুড়ে ইসরায়েলি সামরিক অভিযান অব্যাহত রয়েছে। প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের অক্টোবর থেকে কার্যকর হওয়া যুদ্ধবিরতির সময়কালেও গাজায় এক হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।

২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া এই অভিযানে এ পর্যন্ত ৭৩ হাজারের বেশি মানুষ নিহত এবং ১ লাখ ৭৪ হাজারের বেশি আহত হয়েছেন বলে উল্লেখ করা হয়েছে।

এস এম/ ১ আগস্ট ২০২৬


Back to top button