ফুটবল

নিয়ম ভঙ্গের দায়ে চেলসিকে ১ কোটি পাউন্ড জরিমানা ও স্থগিত দলবদল নিষেধাজ্ঞা

লন্ডন, ৩১ জুলাই – আর্থিক নিয়ম ভঙ্গের দায়ে ইংলিশ ক্লাব চেলসিকে ১ কোটি পাউন্ড জরিমানা করেছে ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন বা এফএ। জরিমানার পাশাপাশি ক্লাবটির ওপর টানা দুটি দলবদল উইন্ডোতে খেলোয়াড় নিবন্ধনে নিষেধাজ্ঞাও দেওয়া হয়েছে। তবে এই নিষেধাজ্ঞা ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত স্থগিত রাখা হয়েছে।

শুক্রবার এক বিবৃতিতে এফএ জানায় যে স্বাধীন নিয়ন্ত্রক কমিশনের তদন্তে চেলসির বিরুদ্ধে আনা ৭৪টি অভিযোগ প্রমাণিত হয়েছে। প্রাথমিক পর্যায়ে ক্লাবটির ছয় পয়েন্ট কেটে নেওয়ার সিদ্ধান্ত হলেও আপিলের পর সেই শাস্তি বাতিল করা হয়। পয়েন্ট কাটার পরিবর্তে স্থগিত দলবদল নিষেধাজ্ঞার সিদ্ধান্ত বহাল রাখা হয়েছে।

২০২২ সালে মালিকানা পরিবর্তনের পর বর্তমান মালিকানা প্রতিষ্ঠান ব্লুকো ক্লাবটি অধিগ্রহণের সময় আগের আর্থিক লেনদেনে কিছু অনিয়ম খুঁজে পায়। এরপর তারা বিষয়টি স্বেচ্ছায় প্রিমিয়ার লিগ, এফএ এবং ইউয়েফাকে অবহিত করে। মূলত ২০০৯ থেকে ২০২২ সালের মধ্যে রোমান আব্রামোভিচের মালিকানাকালে এসব অনিয়ম সংঘটিত হয়েছিল। বিশেষ করে ২০১০-১১ থেকে ২০১৫-১৬ মৌসুমের মধ্যে ফুটবল এজেন্ট ও খেলোয়াড়দের চুক্তিতে তৃতীয় পক্ষের বিনিয়োগসংক্রান্ত নিয়ম ভাঙা হয়েছিল।

এফএর ভাষ্য অনুযায়ী শুনানির আগেই চেলসি তাদের করা ৭৪টি ভুলের কথা স্বীকার করে নেয়। এফএ আরও জানিয়েছে যে এই ঘটনার সঙ্গে সরাসরি জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে তদন্ত এখনো অব্যাহত রয়েছে।

অন্যদিকে চেলসি এক বিবৃতিতে জানায় যে তারা শুরু থেকেই নিয়ন্ত্রক সংস্থার সঙ্গে পূর্ণ সহযোগিতা করেছে এবং সব নথিপত্র সরবরাহ করেছে। বিচারিক প্রক্রিয়া শেষ হওয়ায় ক্লাবটি সন্তোষ প্রকাশ করেছে।

এনএন/ ৩১ জুলাই ২০২৬


Back to top button