জাতীয়

বিনিয়োগ বাড়াতে নীতি সুদহার কমালো বাংলাদেশ ব্যাংক

ঢাকা, ৩১ জুলাই – মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের পাশাপাশি বিনিয়োগ ও বেসরকারি খাতে ঋণপ্রবাহে গতি আনতে বড় সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী নীতি সুদহার বা রেপো রেট ৫০ বেসিস পয়েন্ট কমানো হয়েছে।

এর ফলে নীতি সুদহার বিদ্যমান ১০ শতাংশ থেকে হ্রাস পেয়ে ৯ দশমিক ৫০ শতাংশে নামছে। একই সাথে সুদহার করিডোরের ঊর্ধ্বসীমা হিসেবে ব্যবহৃত স্ট্যান্ডিং লেন্ডিং ফ্যাসিলিটি বা এসএলএফ হারও ১১ দশমিক ৫০ শতাংশ থেকে কমিয়ে ১১ শতাংশ নির্ধারণ করা হয়েছে।

তবে সুদহার করিডোরের নিম্নসীমা হিসেবে পরিচিত স্ট্যান্ডিং ডিপোজিট ফ্যাসিলিটি বা এসডিএফ হার ৭ দশমিক ৫০ শতাংশে অপরিবর্তিত রাখা হয়েছে। বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের মনিটারি পলিসি ডিপার্টমেন্ট থেকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয়েছে।

নতুন এই সুদহার আগামী ২ আগস্ট থেকে কার্যকর হবে বলে জানানো হয়েছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মনিটারি পলিসি কমিটির ১৩তম সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় দেশের বর্তমান মূল্যস্ফীতি, বৈশ্বিক প্রেক্ষাপট, বেসরকারি ঋণপ্রবাহ এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির সার্বিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সংশ্লিষ্টরা মনে করছেন, এই সিদ্ধান্তের ফলে ব্যাংকগুলোর তহবিল সংগ্রহের ব্যয় কমবে এবং বেসরকারি খাতে ঋণ প্রবাহ বৃদ্ধি পাবে যা দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে।

এস এম/ ৩১ জুলাই ২০২৬

Back to top button
🌐 Read in Your Language