দেয়াল ধসে মারা গেলেন ব্রাজিলের সাবেক ফুটবলার তাসিও মায়া

ব্রাসিলিয়া, ৩০ জুলাই – ব্রাজিলের সাবেক ফুটবলার তাসিও মায়া দেস সান্তোস এক মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। রিও ডি জেনিরোতে তীব্র ঝোড়ো বাতাসের কারণে একটি দেয়াল ধসে পড়লে সাবেক এই ফরোয়ার্ডের মৃত্যু হয়। ৪১ বছর বয়সী তাসিওর সঙ্গে এই ঘটনায় তার বন্ধু ও সহকর্মী ভান্দ্রে করদেইরোও নিহত হয়েছেন।
বুধবার রিও ডি জেনিরোর সান্তা তেরেসা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় মানসাও আলভি নামের একটি ইভেন্ট ভেন্যুতে কাজ করতেন তাসিও। ঝোড়ো বাতাসের চাপে ফুটপাতের পাশে থাকা একটি ভারী দেয়াল হঠাৎ ধসে পড়ে পথচারী ও পার্ক করা গাড়ির ওপর। এতে ঘটনাস্থলেই তাসিও ও ভান্দ্রের মৃত্যু নিশ্চিত হয়।
তাসিও মায়া ২০০২ থেকে ২০১৯ সাল পর্যন্ত পেশাদার ফুটবলে যুক্ত ছিলেন। ব্রাজিলের সাউ ক্রিস্টোভাও ক্লাব থেকে উঠে আসা এই সেন্টার ফরোয়ার্ড ২০১৫ সালে ঐতিহ্যবাহী ক্লাব বোটাফোগোতে যোগ দিয়ে আলোচনায় আসেন। বোটাফোগোর হয়ে তিনি ৬টি ম্যাচ খেলেন এবং একটি গোল করেন।
পরবর্তীতে ২০১৯ সালে ফেরোভিয়ারিও ক্লাবের হয়ে পেশাদার ফুটবল ক্যারিয়ারের ইতি টানেন এই খেলোয়াড়। সাবেক এই ফুটবলারের আকস্মিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বোটাফোগো ফুটবল ক্লাব। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক শোকবার্তায় ক্লাবটি তাসিওর পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।
এস এম/ ৩০ জুলাই ২০২৬









