মধ্যপ্রাচ্য

ইরানে মার্কিন বাহিনীর ‘ভারী মাত্রার’ বিমান হামলা

তেহরান, ৩০ জুলাই – ইরানে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) কয়েক ডজন স্থাপনা লক্ষ্য করে বড় আকারের হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম। মার্কিন বাহিনীকে লক্ষ্য করে আগের দিন চালানো ক্ষেপণাস্ত্র হামলার চেষ্টার পাল্টা জবাব হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়েছে বলে জানিয়েছে ওয়াশিংটন।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। সেন্টকমের এক বিবৃতিতে বলা হয় যে এই অভিযানে সামরিক কমান্ড সেন্টার, ক্ষেপণাস্ত্র ও ড্রোন স্থাপনা, উপকূলীয় নজরদারি কেন্দ্র এবং নৌ সক্ষমতাসংক্রান্ত অবকাঠামো ধ্বংস করা হয়েছে।

মূলত মার্কিন সেনা এবং উপসাগরীয় অঞ্চলের মিত্র দেশগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে ইরান ও তার মিত্র গোষ্ঠীগুলোর সক্ষমতা কমিয়ে আনাই ছিল এই অভিযানের প্রধান উদ্দেশ্য। বর্তমানে মধ্যপ্রাচ্যে মোতায়েন থাকা প্রায় ৫০ হাজার মার্কিন সেনা যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে।

এদিকে ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে যে দেশটির দক্ষিণ পশ্চিমাঞ্চলের ফারস প্রদেশ এবং পারস্য উপসাগরের কিশ দ্বীপে এই হামলা চালানো হয়েছে। ফারস প্রদেশের কাজেরুন শহরের উপকণ্ঠে একটি নির্দিষ্ট এলাকা লক্ষ্য করে আক্রমণ চালানো হলেও কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

তবে কিশ দ্বীপে হামলার পর বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। স্থানীয় প্রশাসন জানিয়েছে যে হামলার পরও কিশ আন্তর্জাতিক বিমানবন্দর এবং যাত্রীবাহী ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে।

এস এম/ ৩০ জুলাই ২০২৬


Back to top button