হবিগঞ্জে এনসিপি নেতাদের পথরোধ পুলিশের, ১৪৪ ধারা অমান্য করে যাওয়ার ঘোষণা

হবিগঞ্জ, ২৯ জুলাই – হবিগঞ্জে এনসিপির নেতাকর্মীদের প্রবেশে পুলিশি বাধার ঘটনা ঘটেছে। বুধবার বিকেলে মিরপুর শ্রীমঙ্গল সড়কের বাহুবল উপজেলার রশিদপুর এলাকায় পুলিশের পক্ষ থেকে তাদের গতিরোধ করা হয়।
এই ঘটনায় এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ ঘোষণা দিয়েছেন যে, তারা পাঁচজন একটি গাড়ি নিয়ে হবিগঞ্জে যাবেন এবং মামলা না করে ফিরবেন না।
এর আগে দুপুরে এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম এবং নাসীরুদ্দীন পাটওয়ারীসহ কেন্দ্রীয় নেতারা মৌলভীবাজার থেকে হবিগঞ্জের উদ্দেশে যাত্রা শুরু করেন। শ্রীমঙ্গলের মুছাই এলাকায় পুলিশ প্রথম দফায় তাদের বহর আটকে দেয়। সেখানে ধস্তাধস্তি ও বাগবিতণ্ডার পর তারা সামনের দিকে অগ্রসর হন। পরে রশিদপুর এলাকায় আবারও তাদের আটকে দেয় পুলিশ। বাধার মুখে এনসিপি নেতারা সড়কে অবস্থান নিলে দুপাশে ব্যাপক যানজটের সৃষ্টি হয়।
পুলিশ সুপার মো. তারেক মাহমুদ জানান, নিরাপত্তার স্বার্থে তাদের হবিগঞ্জে প্রবেশ না করার পরামর্শ দেওয়া হয়েছে। তবে নেতারা হবিগঞ্জে যাওয়ার দাবিতে অনড় রয়েছেন।
উল্লেখ্য, গত মঙ্গলবার হবিগঞ্জ শহরে একটি সভা শেষে সার্কিট হাউজে যাওয়ার পথে সারজিস আলম ও নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা চালায় একদল যুবক। এই হামলায় সারজিস আলমসহ অন্তত ২০ জন আহত হন। উদ্ভূত পরিস্থিতিতে বুধবার সকালে জেলা প্রশাসন হবিগঞ্জ পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করে এবং তিন প্লাটুন বিজিবি মোতায়েন করে।
এনএন/ ২৯ জুলাই ২০২৬









