জাতীয়

বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা পঞ্চম, বায়ুর মান অস্বাস্থ্যকর

ঢাকা, ২৯ জুলাই – বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আবারও ওপরের দিকে উঠে এসেছে বাংলাদেশের রাজধানী ঢাকা। বুধবার সকালে সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, ১১৩ এয়ার কোয়ালিটি ইনডেক্স বা একিউআই স্কোর নিয়ে বিশ্বের পঞ্চম দূষিত শহর হিসেবে চিহ্নিত হয়েছে ঢাকা।

এই মাত্রার বায়ুকে বিশেষ করে সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচনা করা হয়। আইকিউএয়ারের তালিকায় শীর্ষস্থানে রয়েছে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর রাজধানী কিনশাসা। শহরটির বায়ুমান সূচক ১৬৮ রেকর্ড করা হয়েছে।

তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই এবং তৃতীয় স্থানে ইন্দোনেশিয়ার জাকার্তা। এছাড়া ১১৪ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে ইসরায়েলের জেরুজালেম। বায়ুমান পরিমাপের মানদণ্ড অনুযায়ী, একিউআই স্কোর শূন্য থেকে ৫০ হলে বায়ুর মান ভালো বলে গণ্য করা হয়।

স্কোর ৫১ থেকে ১০০ হলে তা মাঝারি এবং ১০১ থেকে ১৫০ হলে সংবেদনশীল ব্যক্তিদের জন্য অস্বাস্থ্যকর ধরা হয়। এছাড়া ১৫১ থেকে ২০০ স্কোরকে অস্বাস্থ্যকর এবং ২০১ থেকে ৩০০ স্কোরকে খুব অস্বাস্থ্যকর হিসেবে চিহ্নিত করা হয়। বায়ুমান সূচক ৩০১ এর বেশি হলে তাকে মারাত্মক স্বাস্থ্যঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়।

বায়ুদূষণের এমন পরিস্থিতিতে বিশেষজ্ঞগণ স্বাস্থ্য সর্তকতা জারি করেছেন। বিশেষ করে শিশু, বয়স্ক এবং শ্বাসকষ্টসহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত ব্যক্তিদের প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। জরুরি প্রয়োজনে বাইরে বের হলে অবশ্যই মাস্ক ব্যবহারের এবং দীর্ঘ সময় খোলা পরিবেশে না থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।

এস এম/ ২৯ জুলাই ২০২৬


Back to top button