ইমরান খানের কারাবাস নিয়ে জাতিসংঘের উদ্বেগ, দেশজুড়ে আন্দোলনের ডাক পিটিআইয়ের

ইসলামাবাদ, ২৮ জুলাই – পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের কারাবাসের পরিবেশ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের নির্যাতনবিষয়ক বিশেষ র্যাপোর্টিয়ার অ্যালিস জিল এডওয়ার্ডস। তিনি ইসলামাবাদ সরকারের প্রতি ইমরানের সাথে মানবিক আচরণ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।
একই সময়ে ইমরানের রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক ই ইনসাফ বা পিটিআই তার মুক্তির দাবিতে দেশজুড়ে আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এডওয়ার্ডস জানান যে ইমরান খান গত ৩৩ মাস ধরে প্রায় সম্পূর্ণ একাকী অবস্থায় একটি ছোট এবং জানালাবিহীন কক্ষে বন্দি রয়েছেন।
তার কক্ষে সার্বক্ষণিক সিসিটিভি নজরদারি রয়েছে বলেও তিনি উল্লেখ করেন। এডওয়ার্ডসের দাবি অনুযায়ী অনেক সময় টানা দুই সপ্তাহেরও বেশি সময় ইমরান খানকে ব্যায়াম কিংবা অর্থবহ মানবিক যোগাযোগের সুযোগ ছাড়াই রাখা হচ্ছে। এডওয়ার্ডস বলেন যে এ ধরনের পরিস্থিতি জাতিসংঘের ম্যানডেলা রুলসের সুস্পষ্ট লঙ্ঘনের শামিল হতে পারে।
তিনি পাকিস্তান সরকারের প্রতি ইমরানের জন্য মানবিক কারাবাসের পরিবেশ পুনর্বহালের আহ্বান জানান। জাতিসংঘের নীতিমালা অনুযায়ী কোনো বন্দিকে দিনে ২২ ঘণ্টা বা তার বেশি সময় অর্থবহ মানবিক যোগাযোগ ছাড়া একাকী রাখা হলে তা একাকী কারাবাস হিসেবে বিবেচিত হয়।
একই নীতিমালায় টানা ১৫ দিনের বেশি এ ধরনের কারাবাস নিষিদ্ধ বলে উল্লেখ করা হয়েছে কারণ এটি নির্যাতন বা নিষ্ঠুর এবং অবমাননাকর আচরণের পর্যায়ে পড়তে পারে। পৃথক এক বিবৃতিতে এডওয়ার্ডস আরও বলেন যে ইমরান খান প্রয়োজনীয় চিকিৎসাসেবা থেকেও বঞ্চিত হচ্ছেন এমন তথ্যে তিনি উদ্বিগ্ন। ২০১৩ সালের এক দুর্ঘটনায় মেরুদণ্ডে পাওয়া আঘাত এবং ২০২২ সালের নভেম্বরে হত্যাচেষ্টায় গুলিবিদ্ধ হওয়ার ক্ষতের যথাযথ চিকিৎসা হচ্ছে না বলে অভিযোগ রয়েছে।
এদিকে ইমরান খানের আন্তর্জাতিক গণমাধ্যমবিষয়ক উপদেষ্টা সৈয়দ জুলফিকার বুখারি দাবি করেছেন যে গত আট মাসেরও বেশি সময় ধরে ইমরান খানকে সম্পূর্ণ বিচ্ছিন্ন অবস্থায় রাখা হয়েছে। ইমরান খানের কারাবাসের তৃতীয় বছর পূর্তি উপলক্ষে আগামী ৫ আগস্ট আদিয়ালা কারাগারের উদ্দেশে পদযাত্রার ঘোষণা দিয়েছে পিটিআই।
এ কর্মসূচির সমর্থনে প্রচারণা চালাচ্ছেন ইমরানের বোন আলিমা খান। তবে লাহোরে এ কর্মসূচির অনুমতি দেয়নি পাঞ্জাব সরকার যার পরিপ্রেক্ষিতে আদালতের মাধ্যমে অনুমতি নেওয়ার উদ্যোগ নিয়েছে দলটি। ২০২২ সালে অনাস্থা ভোটে ক্ষমতা হারানোর পর থেকে ইমরান খানের বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে যদিও তিনি সব অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করে আসছেন।
এস এম/ ২৮ জুলাই ২০২৬









