রাশিয়ায় আরও ৩০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া, দাবি জেলেনস্কির

কিয়েভ, ২৬ জুলাই – ইউক্রেন যুদ্ধে রাশিয়ার পক্ষে লড়াই করতে উত্তর কোরিয়া আরও ৩০ হাজার সেনা মোতায়েন করতে যাচ্ছে বলে দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। একই সঙ্গে মস্কোকে নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের লঞ্চার সরবরাহের জন্য পিয়ংইয়ং প্রস্তুতি নিচ্ছে বলেও জানান তিনি।
সম্প্রতি একটি ভিডিও বার্তায় এই তথ্য জানিয়েছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট। জেলেনস্কির তথ্য অনুযায়ী, রাশিয়ায় অতিরিক্ত ৩০ হাজার সেনা মোতায়েনের জন্য দেশটির ভোরোনেঝ অঞ্চলে গত জুন মাস থেকেই প্রস্তুতি চলছে। এর আগে ২০২৪ সালে রাশিয়া ও উত্তর কোরিয়ার মধ্যে স্বাক্ষরিত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তির আওতায় পিয়ংইয়ং মস্কোকে সেনা সহায়তা দিতে শুরু করে।
ইতিমধ্যে ইউক্রেনীয় বাহিনীর কুর্স্ক অভিযান মোকাবিলায় উত্তর কোরিয়া প্রায় ১৪ হাজার সেনা পাঠিয়েছিল বলে দাবি করেন তিনি। সেনা পাঠানোর পাশাপাশি উত্তর কোরিয়া রাশিয়াকে আধুনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের লঞ্চার সরবরাহের প্রক্রিয়া চালাচ্ছে বলে জানান জেলেনস্কি।
তিনি মনে করেন, রাশিয়া ও উত্তর কোরিয়ার এই সামরিক সহযোগিতা শুধু ইউক্রেনের নিরাপত্তার জন্যই হুমকিস্বরূপ নয়, বরং এটি এশিয়ার দেশগুলোর জন্যও বড় ধরনের ঝুঁকি তৈরি করছে। ইউক্রেনের প্রেসিডেন্টের মতে, রাশিয়ার হয়ে যুদ্ধে অংশ নেওয়ার মাধ্যমে উত্তর কোরিয়ার সেনাবাহিনী বাস্তব যুদ্ধের অভিজ্ঞতা অর্জন করছে।
এতে তাদের অস্ত্র ও সামরিক সক্ষমতা বৃদ্ধির সুযোগ তৈরি হচ্ছে। ফলে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্রের আওতায় থাকা এশিয়ার অন্যান্য রাষ্ট্রগুলোর জন্য বড় বিপদ অপেক্ষা করছে বলে তিনি সতর্কবার্তা দেন। এই সম্মিলিত হুমকি মোকাবিলায় ইউক্রেন যথাযথ পদক্ষেপ নেবে বলেও জেলেনস্কি অঙ্গীকার ব্যক্ত করেন।
এস এম/ ২৬ জুলাই ২০২৬









