বিজ্ঞান ও প্রযুক্তি

ফেসবুক ভেরিফিকেশনে নতুন সুবিধা: সেলফি ভিডিও দিয়ে মিলবে ফ্রি ভেরিফায়েড ব্যাজ

কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে তৈরি ভুয়া কনটেন্ট এবং ভুয়া অ্যাকাউন্টের বিস্তার রোধে নতুন ভেরিফিকেশন ব্যবস্থা চালু করছে মেটা। এই ব্যবস্থায় ফেসবুক ব্যবহারকারীরা এখন ভিডিও সেলফি ব্যবহারের মাধ্যমে বিনামূল্যে তাদের অ্যাকাউন্টের সত্যতা নিশ্চিত করতে পারবেন।

মেটা কর্তৃপক্ষ জানিয়েছে, ফেসবুক ভেরিফায়েড নামের এই নতুন প্রক্রিয়ায় ব্যবহারকারীকে একটি সংক্ষিপ্ত ভিডিও সেলফি ধারণ করতে হবে। পরবর্তীতে কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় সেই ভিডিওটিকে প্রোফাইলে থাকা ছবির সঙ্গে মিলিয়ে দেখা হবে। তথ্য ও ছবির মিল পাওয়া গেলে সংশ্লিষ্ট প্রোফাইলে ভেরিফায়েড ব্যাজ যুক্ত করা হবে। সম্পূর্ণ প্রক্রিয়াটি বিনামূল্যে সম্পন্ন হবে এবং এতে মাত্র কয়েক মিনিট সময় লাগবে।

তবে এই সুবিধা পেতে হলে ব্যবহারকারীর বয়স ন্যূনতম ১৮ বছর হতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট ব্যক্তিকে ফেসবুকের কমিউনিটি স্ট্যান্ডার্ড বা নির্দেশিকাগুলো মেনে চলতে হবে। কোনো ব্যবহারকারী যদি জালিয়াতি বা প্রতারণামূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকেন, তবে তিনি এই ভেরিফিকেশন সুবিধার আওতায় আসবেন না।

প্রাথমিকভাবে নির্দিষ্ট কিছু দেশের ব্যবহারকারীরা এই সুবিধা পাবেন। ধাপে ধাপে এটি বিশ্বের অন্যান্য অঞ্চলেও চালু করা হবে।

ভেরিফায়েড ব্যাজটি ব্যবহারকারীর প্রোফাইল, ফেসবুক মার্কেটপ্লেস, ডেটিং সার্ভিস এবং বিভিন্ন পাবলিক গ্রুপে প্রদর্শিত হবে। ভবিষ্যতে ফেসবুকের নিউজ ফিডে দেওয়া পোস্টের পাশেও এই ব্যাজটি যুক্ত করার পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানের। একবার ভেরিফিকেশন সম্পন্ন হলে অ্যাকাউন্টে স্থায়ীভাবে ব্যাজটি যুক্ত থাকবে এবং এর জন্য কোনো সাবস্ক্রিপশন ফি বা মাসিক চার্জ দিতে হবে না।

তবে মেটা স্পষ্ট করেছে যে, ভেরিফায়েড ব্যাজ থাকার অর্থ এই নয় যে ফেসবুক ওই ব্যক্তির বিশ্বাসযোগ্যতার শতভাগ নিশ্চয়তা দিচ্ছে। এটি মূলত একজন প্রকৃত মানুষের অ্যাকাউন্ট কি না তা নিশ্চিত করবে। ব্যবহারকারীদের অবশ্যই ফেসবুকের সকল বাণিজ্যিক এবং কমিউনিটি নীতিমালা যথাযথভাবে অনুসরণ করতে হবে।

প্রতিষ্ঠানটির মতে, বর্তমান সময়ে কৃত্রিম বুদ্ধিমত্তার সহজলভ্যতা এবং এর অপব্যবহারের ফলে অনলাইনে প্রকৃত মানুষকে চিনে নেওয়া চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছে। অনলাইন যোগাযোগ, কেনাবেচা এবং বিভিন্ন সামাজিক বিনিময়ে ব্যবহারকারীদের নিরাপত্তা নিশ্চিত করাই এই উদ্যোগের প্রধান লক্ষ্য।

এনএন/ ২৫ জুলাই ২০২৬


Back to top button