ইউরোপ

ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে গ্রেপ্তারে অ্যামনেস্টির জোরালো দাবি

লন্ডন, ২৪ জুলাই – ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে গ্রেপ্তার করে আন্তর্জাতিক অপরাধ আদালতে বিচারের মুখোমুখি করার দাবি জানিয়েছে মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। নিউইয়র্কের রাজনৈতিক ব্যক্তিত্ব জোহরান মামদানি সম্প্রতি নেতানিয়াহুকে গ্রেপ্তারের যে হুঁশিয়ারি দিয়েছিলেন, এবার সেই দাবির প্রতিধ্বনি করল এই আন্তর্জাতিক সংস্থাটি।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের গবেষণা ও ক্যাম্পেইন বিষয়ক জ্যেষ্ঠ পরিচালক এরিকা গুয়েভারা রোসাস সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় জানান, মার্কিন কর্তৃপক্ষের উচিত আইনের শাসনের প্রতি শ্রদ্ধা দেখানো। এর আগে নিউইয়র্কের প্রথম মুসলিম নেতা জোহরান মামদানি জানিয়েছিলেন যে, সেপ্টেম্বর মাসে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে নেতানিয়াহু নিউইয়র্কে এলে তাকে গ্রেপ্তার করা হতে পারে।

মামদানি মনে করেন নেতানিয়াহু একজন যুদ্ধাপরাধী এবং তার বিচার হওয়া উচিত। গাজায় সামরিক অভিযানে যুদ্ধাপরাধের অভিযোগে ২০২৪ সালে নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসি। তবে ডোনাল্ড ট্রাম্প ও জো বাইডেনসহ মার্কিন শীর্ষ নেতারা এই পরোয়ানার নিন্দা জানিয়েছেন।

জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত মাইক ওয়াল্টজ মামদানির বক্তব্যকে নিছক রাজনৈতিক কর্মকাণ্ড হিসেবে বর্ণনা করেছেন। অপরদিকে, নেতানিয়াহু ও ইসরায়েলি কর্মকর্তারা জানিয়েছেন যে তারা এই হুমকিতে বিচলিত নন।

জাতিসংঘে ইসরায়েলের রাষ্ট্রদূত ড্যানি ড্যানন নিশ্চিত করেছেন যে প্রধানমন্ত্রী সাধারণ পরিষদে অংশ নেবেন এবং ইসরায়েলের আত্মরক্ষার অধিকারের পক্ষে কথা বলবেন।

এস এম/ ২৪ জুলাই ২০২৬


Back to top button